নুরদের ওপর হামলায় শাহবাগ থানায় মামলা

এবিএনএ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা  করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা  করেছে। মামলা নং- ৩৪। পুলিশের দায়ের করা মামলায় ৮ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী শাহবাগ থানার উপ-পরিদর্শক রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আট আসামি হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম এবং মাহবুব হাসান নিলয়। গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুর পৌনে ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩৪ জন আহত হন।

ওই হামলায় নুরসহ আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদেরকে আসামি করে মামলা করা হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *