ঢাবি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের দ্রুত সেটি পাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার টিএসসিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই কেন্দ্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত একটি বিশেষ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কেন্দ্র।  বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের দ্রুত জাতীয়

পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এই কেন্দ্র স্থাপনে সার্বিক সহযোগিতা করায় নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান। এই কেন্দ্র থেকে শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত সঠিকভাবে যাচাই-বাছাই করে দ্রুত জাতীয় পরিচয়পত্র দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এই কেন্দ্রে এনআইডি নিবন্ধন করতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *