গুলিস্তানের ককটেলটি অনেক শক্তিশালী ছিল : ডিএমপি কমিশনার

এবিএনএ: রাজধানীর গুলিস্তানে বিস্ফোরিত ককটেলটি অনেক বেশি শক্তিশালী ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্যদের দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘যে ককটেলটি গতকাল বিস্ফোরিত হয়েছে, তা সাধারণ কোনো ককটেল নয়, অনেক শক্তিশালী ছিল।’ এই ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

পল্টন থানা থেকে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান এলাকায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। সোমবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনার সময় ওই এলাকার আহাদ পুলিশ বক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়। আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও মো. লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গুলিস্তানে পুলিশের ওপর হামলা চালানোর দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল সোমবার জঙ্গি সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণকারী হিসেবে দাবিকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গেল প্রায় দুই বছরেরও বেশি সময় পর বাংলাদেশে এক হামলা চালানোর দাবি করেছে আইএস। দেশটির রাজধানী ঢাকায় পুলিশের ওপর তারা হামলা চালানোর দাবি করেছে। তবে ওই হামলা কখন চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি সাইটটিতে।আইএসের এই দাবির খবর নিজেদের সাইটে দিয়েছে জাপান টাইমসও। আরবি ভাষায় লেখা টুইটে বলা হয় : ঢাকার গুলিস্তানে মুরতাদ বাহিনীর ওপর এ হামলা চালানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *