আগামী বছর বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা

এবিএনএঃ আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি কার্যক্রম চালু করা হবে। ইতিমধ্যে এ কার্যক্রমের অনেক অগ্রগতি হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ কার্যক্রম চালু করার চিন্তা-ভাবনা রয়েছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

মহিবুল হাসান চৌধুরী বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের মতোই বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্মম কষ্ট ও ভোগান্তি লাঘব হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আসবে।

উপমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, অনলাইনে সমন্বিত ভর্তি প্রক্রিয়া বাস্তবায়নে এখনও যারা বাধা সৃষ্টি করছেন বা নানা প্রতিবন্ধকতা তৈরি করছেন, তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। কোনো প্রতিবন্ধকতাকে গুরুত্ব দেওয়া হবে না বরং তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা ইউজিসির সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করেছি। তারা একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। আমরা এই প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করব। কীভাবে এটি বাস্তবায়ন করা যায় তা আলাপ-আলোচনা করেই বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পদ্ধতি চালু করা হবে।

জোর করে কোনো আইন বা নিয়ম কারও ওপর চাপিয়ে দেয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি প্রক্রিয়া চালু সবার দাবি। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সমন্বিত ভর্তি প্রক্রিয়া কার্যকর করা হবে। এটি আমাদের আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি। তাই কোনো বাধাই আমলে নেওয়া হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মাহমুদ উল হক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *