বুধবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার ১১তম আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর একটু আগেই বৃষ্টি শুরু হয়েছে, পরিমাণও বেশি এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যার কারণে যেখানে সেখানে পানি জমছে। আবার স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিয়মিত পরিষ্কার করতে না পারায় এসব স্থাপনায় মশার প্রজনন হচ্ছে। ছাদ বাগান বা ফুলের টবে নিয়মিত পানি অপসারণ করতে না পারলে মশার কীটনাশক অথবা কেরোসিনের তেল ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
তাজুল ইসলাম বলেন, এডিস মশা নিধনে যথাযথ পদ্ধতি অনুসরণ করে যে কোনো কোম্পানি কার্যকর কীটনাশক আমদানি করতে পারছে। আগে একটি মাত্র প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করতো উল্লেখ করে তিনি বলেন, সেই ধারা ভেঙ্গে দিয়ে এখন অনেক কোম্পানিকে কীটনাশক আমদানি করার সুযোগ করে দেয়া হয়েছে। এসব কীটনাশক সহজলভ্য করার জন্য বাজারে ওপেন করে দেয়া হচ্ছে।
এলাকা বিশেষে এডিস মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে অথবা ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া মাত্রই মন্ত্রণালয় অথবা সিটি কর্পোরেশনকে জরুরি ভিত্তিতে জানানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে খবর পাওয়া মাত্রই সেই বাড়িসহ আশপাশে বিশেষ অভিযান চালানো সম্ভব হয়। ঢাকা ক্যান্টমেন্ট বোর্ড, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ের অধিক্ষেত্রে মশার বংশ বিস্তার রোধে কার্যকর গ্রহণের নির্দেশনা দিয়ে বসে না থেকে নিয়মিত পর্যবেক্ষণ করতে বলেন।
এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে আমাদের জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংরক্ষিত এলাকায় মশার লার্ভা পাওয়া গেলে স্ব স্ব প্রতিষ্ঠানকে দায়-দায়িত্ব নিতে হবে। মশকনিধন দপ্তর/অধিদপ্তরের পরিকল্পনা আছে কি না এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মশকনিধন অধিদপ্তর নিয়ে সরকার এখন ভাবছে না। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, কালাজ্বরসহ বিভিন্ন কীটবাহিত সংক্রামক রোগের বিস্তার ও প্রতিরোধে ‘ভেক্টর ম্যানেজমেন্ট সেল’ বা রোগ সংক্রামক কীটপতঙ্গ ব্যবস্থাপনা সেল গঠন করার কাজ চলছে। এডিস মশা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে শুধু রাজধানী বা মহানগরী নয় দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে মশামুক্ত রাখতে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের কাজ শুরু করেছি।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা ঢাকাবাসীকে এডিস মশা থেকে মুক্ত রাখার জন্য সর্বাত্মক জনবল ও শক্তি প্রয়োগ করে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে চলেছি। ২০১৯ সালের মতো যাতে কোনোভাবেই না ঘটে, সেই পর্যায়ে যেন ঢাকাবাসীর ভোগান্তি না হয়, সেই লক্ষ্যেই আমরা সর্বাত্মক কার্যক্রম নিয়েছি। বিভিন্ন দেশের পরিসংখ্যান দিয়ে মেয়র তাপস বলেন, ভিয়েতনামে গত জুলাই মাসে ৩৭ হাজার ৪২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শ্রীলঙ্কায় জুলাই মাসে ১০ হাজার ৩৭১ জন। ভারত এখন পর্যন্ত পরিসংখ্যান দিচ্ছে না। তাতে বোঝা যায় কত বেশি সেখানে হতে পারে।
মেয়র বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও কষ্টদায়ক হলো বাচ্চারা আক্রান্ত হচ্ছেন। আশা করি স্বাস্থ্য অধিদপ্তর আরও কার্যকর ভূমিকা রাখবে, অভিভাবকরা আরও সচেতন হবেন। আমরা অত্যন্ত দুঃখিত। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩৫ জন মারা গেছেন। তিনি বলেন, মাঝখানে তিনদিন ছুটি গিয়েছিল, এর পরই লক্ষ্য করেছি আবার রোগীর সংখ্যা একটু বেড়ে গেছে। রোগী প্রায় ৩০০-এর ঘরে চলে গিয়েছিল। এটাকে আবার ২০০-এর ঘরে নিয়ে এসেছি। আবহাওয়াটা অনুকূলে আসলে আশাবাদী শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারব।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নির্মাণাধীন বাড়িতে ডেঙ্গুর বেশি লার্ভা পাওয়া যাচ্ছে। লার্ভা পাওয়ায় কোনো কোনো নির্মাণাধীন ভবন মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। কিন্তু ওখানে তারা যদি ৫০ টাকার কেরোসিন ছিটিয়ে দেয়, তবে এ জরিমানার মুখে আর পড়তে হয় না। তিনি বলেন, ‘আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছি। সারা বছর কীভাবে ভেক্টর ম্যানেজমেন্ট করতে পারি, সেই পরিকল্পনা আমরা করেছি। সবাইকে বাসা-বাড়ি পরিষ্কার রাখতে হবে। ইন্ট্রিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের জন্য আমরা স্থানীয় সরকারমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাব।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি সমন্বয়ক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply