Tag: স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক বাজারে রেকর্ড, বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবার দুই লাখ টাকা ছাড়ালো

    আন্তর্জাতিক বাজারে রেকর্ড, বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবার দুই লাখ টাকা ছাড়ালো

    এবিএনএ: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছানোর কারণে বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি ভরি দুই লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকর হওয়ার কথা জানিয়েছে।

    বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকা এবং ১৮ ক্যারেট এক লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল যথাক্রমে ২২ ক্যারেট এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদের হার কমানো, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা, এছাড়া এশিয়ার অর্থনৈতিক অস্থিরতা দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

    স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার জানিয়েছেন, মৌসুমি চাহিদা এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হ্রাসের কারণে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটার জানান, নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম আরও বাড়িয়েছে।

    দেশের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দাম উচ্চ থাকায় দেশে স্বর্ণের দামও কমার সম্ভাবনা সীমিত।

  • বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে, ট্রাম্পের সিদ্ধান্তে অনিশ্চয়তা বাড়ল

    বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চে, ট্রাম্পের সিদ্ধান্তে অনিশ্চয়তা বাড়ল

    এবিএনএ:  বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও উর্ধ্বমুখী। মঙ্গলবার এক লাফে তা পৌঁছেছে গত দুই সপ্তাহের সর্বোচ্চ স্তরে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর এই প্রভাব স্বর্ণবাজারে দেখা দেয়। বাজার বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে এবং মার্কিন সম্পদের প্রতি আস্থা নড়বড়ে করেছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৭৮.৬৪ ডলারে। এর আগের সেশনে দাম পৌঁছায় ৩ হাজার ৩৮৬.২৭ ডলারে, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দামও ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪২৬ ডলারে।

    সোমবার ট্রাম্প বন্ধকি ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে নজিরবিহীনভাবে কুককে বরখাস্ত করেন। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।

    সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, “অনেকে মনে করছেন ট্রাম্পের পদক্ষেপ ফেডারেল রিজার্ভের মধ্যে সুদের হার কমানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার প্রচেষ্টা। এতে ব্যাংকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং বাজার অনিশ্চয়তায় পড়ছে। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ কিনতে ঝুঁকছেন।”

    সাধারণত সুদের হার কমে গেলে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিলে স্বর্ণের মতো নন-ইয়েল্ডিং সম্পদের দাম বাড়তে থাকে।

    এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের হাতে থাকা স্বর্ণের মজুত সোমবার ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৫৮.৪৯ মেট্রিক টনে, যা শুক্রবার ছিল ৯৫৬.৭৭ টন।

    এদিকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মাসে সুদের হার কমানো হতে পারে। যদিও তিনি স্বীকার করেছেন, মুদ্রাস্ফীতি এখনও একটি বড় হুমকি।

    কার্লো আলবার্তো ডি কাসার মতে, বাজার এখন ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমার আশা করছে। তবে আরও বড় ধরনের সুদ হ্রাসের সম্ভাবনা কম থাকলেও, যদি ঘটে, তাহলে স্বর্ণবাজারের জন্য তা আরও সহায়ক হবে।

  • স্বর্ণের দামে বড় স্বস্তি: এক ভরিতে কমলো ১,৬৬৮ টাকা!

    স্বর্ণের দামে বড় স্বস্তি: এক ভরিতে কমলো ১,৬৬৮ টাকা!

    এবিএনএ: দেশের বাজারে স্বর্ণপ্রেমীদের জন্য এলো সুখবর। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে পরিশোধিত (তেজাবী) স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাজুস জানিয়েছে, আগামীকাল (বুধবার) থেকে সারা দেশে স্বর্ণের নতুন দর কার্যকর হবে। নতুন দরের আওতায় ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য ১ হাজার ৬৬৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা।

    এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরি মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২ টাকা।

    তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার বর্তমান মূল্য ভরি প্রতি ২ হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি মূল্য ১ হাজার ৫৮৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

    বাজার বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সাময়িক মন্দা ও স্থানীয় বাজারে চাহিদা কিছুটা হ্রাস পাওয়ায় এই দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে স্বর্ণক্রেতা ও ব্যবসায়ীরা সাময়িক স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • রেকর্ড কমে স্বর্ণের দাম! ২২ ক্যারেট ভরিতে কমল ৩৫৭০ টাকা

    রেকর্ড কমে স্বর্ণের দাম! ২২ ক্যারেট ভরিতে কমল ৩৫৭০ টাকা

    এবিএনএ: এ দেশের স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে এখন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।

    শনিবার সন্ধ্যায় বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজার ও দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৪ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।

    নতুন দাম অনুযায়ী অন্যান্য মানের স্বর্ণের দাম নিম্নরূপ:

    • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম: ১,৬১,৩০১ টাকা

    • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১,৩৮,২৫৩ টাকা

    • সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১,১৪,২৯৬ টাকা

    এর আগে ২৩ এপ্রিল বাজুস একবারে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এক মাসের ব্যবধানে দুইবার মূল্য হ্রাসে স্বর্ণের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিশেষজ্ঞরা বলছেন, গয়না কেনার জন্য এটি একটি আদর্শ সময় হতে পারে, বিশেষ করে বিয়ের মৌসুমের কথা মাথায় রেখে।