Tag: সৌদি আরব প্রবাসী সংবাদ অভিযান শ্রম আইন আবাসন আইন সীমান্ত নিরাপত্তা

  • সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: মাত্র এক সপ্তাহে আটক ২২ হাজারের বেশি

    সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: মাত্র এক সপ্তাহে আটক ২২ হাজারের বেশি

    এবিএনএ: সৌদি আরবে চলমান আইন প্রয়োগ কার্যক্রমে মাত্র সাত দিনের ব্যবধানে বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে আটক করা হয়।

    মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের মধ্যে সর্বাধিক ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন ভঙ্গ করেছেন। সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৯৪ জন এবং শ্রম আইন ভঙ্গ করায় ৪ হাজার ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়। দেশটির বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।

    বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন আটক প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২৯ হাজার ৮১৪ এবং নারী ১ হাজার ৫৬০ জন। এদের অনেককে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে জরুরি ভ্রমণ নথি সংগ্রহের জন্য।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে ১৪ হাজার ৩৯ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে প্রায় ৩ হাজার ৯৩৯ জনের দেশে ফেরানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    এ সময় অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করায় ৩৫ জনকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসকারী আরও ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

    সীমান্ত পাড়ি দিয়ে অনাধিকারপ্রাপ্তভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন আরও ১ হাজার ৬৯৯ জন। তাদের মধ্যে ইথিওপিয় স্বদেশিদের সংখ্যা সর্বোচ্চ ৫৪ শতাংশ, ইয়েমেনি ৪৫ শতাংশ এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

    দেশটির কঠোর আইন অনুযায়ী, অননুমোদিতভাবে মানুষকে সীমান্ত পার করানোর অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এসব ঝুঁকি সম্পর্কে বহুবার সতর্কতা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশে লাখ লাখ বিদেশি শ্রমিক কর্মরত। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান দেশটিতে নিয়মিতভাবে পরিচালনা করে আসছে কর্তৃপক্ষ।