এবিএনএ: নারী ক্রিকেটে বাংলাদেশের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখলেন সাথিরা জাকির জেসি। আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে তিনি থাকছেন অফিসিয়াল আম্পায়ার প্যানেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তালিকায় উঠে এসেছে তার নাম। এ অর্জনের মাধ্যমে তিনি হলেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ এই সিদ্ধান্তকে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তার ভাষায়, “অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেল শুধু নারী ক্রিকেটের সাফল্যের পথ খুলে দেবে না, এটি ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতার প্রতীকও হয়ে থাকবে।”
এর আগে কমনওয়েলথ গেমস এবং দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীরা আম্পায়ারিং করলেও ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম এমন আয়োজন হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই আসর শুরু হবে ৩০ সেপ্টেম্বর এবং চলবে ২ নভেম্বর পর্যন্ত।
৩৪ বছর বয়সী সাথিরা আগে বাংলাদেশ নারী দলের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। পরবর্তীতে কোচিং ও আম্পায়ারিংয়ে যুক্ত হয়ে দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতি পান। ইতিমধ্যে তিনি নারী ক্রিকেটে ৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ছেলেদের ম্যাচেও টিভি আম্পায়ার ছিলেন তিনি।
আইসিসি এবার নারী বিশ্বকাপে প্রাইজমানিতেও বড় পরিবর্তন এনেছে। নারীদের চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় বাড়ানো হয়েছে।
৮ দলের অংশগ্রহণে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে লড়বে বাংলাদেশ নারী দল। আর মাঠে ইতিহাস গড়বেন বাংলাদেশের গর্ব সাথিরা জাকির জেসি।
