Tag: শিক্ষার্থীদের আন্দোলন

  • ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

    ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

    এবিএনএ: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) কর্তৃপক্ষ এক জরুরি সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    শনিবার দুপুরে কলেজ সভাপতি ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দেয় কাউন্সিল এবং সমস্যা সমাধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলেও শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না পেলে আন্দোলনে অনড় থাকে। একাধিকবার নোটিশ ও বিকল্প আবাসনের ব্যবস্থা সত্ত্বেও ডা. ফজলে রাব্বি হলের ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা খালি করতে শিক্ষার্থীদের অনাগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

    নতুন ব্যাচ ‘কে-৮২’ এর শিক্ষার্থীরা কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বর্জন করায় একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এর ফলে কলেজের শিক্ষার্থীরা অতিরিক্ত মানসিক চাপে ভুগছে, যা দেশের অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় ব্যতিক্রম।

    পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের নির্ধারিত আক্রেডিটেশন ভিজিট অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই কাউন্সিলের সুপারিশ অনুযায়ী, রোববার থেকে ঢাকা মেডিকেল কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে নিজ নিজ হল ত্যাগ করার অনুরোধ করা হয়েছে।

    তবে, পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • চলমান দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত

    চলমান দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত

    এবিএনএ:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চার দফা দাবির বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পর চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও।

    শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন আন্দোলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি হলে আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে পিছপা হব না।”

    এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ইউজিসি চেয়ারম্যান ড. এস এম ফায়েজের উপস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়।

    উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট বাড়ানো হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির একটি প্রধান দিক। আবাসন সংকট মোকাবেলায় অস্থায়ী ভবন নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে। পরে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙানো হয়।

    ইউজিসি চেয়ারম্যান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউজিসি একটি পরিবার। আমরা একসাথে বসে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধানে কাজ করব।”

    চতুর্থ দাবি হিসেবে শিক্ষার্থীরা ১৪ মে পুলিশি হামলার তদন্ত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এই বিষয়ে পুলিশ দুঃখ প্রকাশ করেছে এবং আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

    এর আগে শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেছিল:
    ১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।
    ২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
    ৩. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প একনেক সভায় পাশ দ্রুত বাস্তবায়ন।

    সব দাবি সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা পাওয়ায়, আন্দোলনের আপাত সমাপ্তি ঘোষণা করে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মসূচি স্থগিত রাখে। তবে পরিস্থিতির উন্নয়ন না ঘটলে তারা আবার আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা।