এবিএনএ: রাজধানীর মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজারে হামলা, ভাঙচুর এবং অর্থ লুটের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারের এক নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে হামলা চালিয়ে মাজারের ভক্তদের আহত করা এবং মাজারের অর্থ লুটের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে এবং জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মো. আলী আকবর, মো. বাপ্পা, মো. বাবু, মো. কাউসার, আজম, শেখ মো. রাসেল, কাজী জহির, মো. মিজান ও কাজী পনির। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের অধিকাংশই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শেখ মো. রাসেল ও আজম এজাহারে নাম থাকা আসামি। এছাড়া আরমান দেওয়ান নামে আরও একজনকে অজ্ঞাত আসামি হিসেবে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় মাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ভক্তদের ওপর চড়াও হলে কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
