Tag: রাজবাড়ী

  • দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবি, জীবিত উদ্ধার ১১—নিখোঁজদের খোঁজে মরিয়া স্বজনরা

    দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা: পদ্মায় বাস ডুবি, জীবিত উদ্ধার ১১—নিখোঁজদের খোঁজে মরিয়া স্বজনরা

    এবিএনএ,রাজবাড়ী: দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুন এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পর অন্তত ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

    ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও অনেক যাত্রীর খোঁজ মেলেনি, যা স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়িয়েছে।

    ঘাট এলাকায় নিখোঁজদের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে প্রিয়জনের খোঁজে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ছেন।

    এদিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে কার্যক্রম বিলম্বিত হওয়ায় স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে কাজ করছে।

    ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক তদারকি করছেন।

    রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আসা ডুবুরি দল উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

    জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, উদ্ধারকারী ফেরি ‘হামজা’সহ সংশ্লিষ্ট সব সংস্থা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

  • গোয়ালন্দে দরবার হামলা: ইমামসহ ২৪ গ্রেপ্তার, সাতজনের স্বীকারোক্তি

    গোয়ালন্দে দরবার হামলা: ইমামসহ ২৪ গ্রেপ্তার, সাতজনের স্বীকারোক্তি

    এবিএনএ:  রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ভক্ত রাসেল মোল্লা হত্যার ঘটনায় গ্রেপ্তার অভিযানে আরও অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ জানায়, এ পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ (৪৫) এবং গোয়ালন্দ পৌর এলাকার দেওয়ানপাড়া গ্রামের যুবক রাসেল শেখ (২৪)। তাদের ফরিদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ধরা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জনকে এবং রাসেল হত্যাকাণ্ডে ৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যেই অপু, বিল্লু, সোহান সরদার, অভি মণ্ডল রঞ্জু, মাওলানা আব্দুল লতিফ, আবু সাঈদ ও রাসেল শেখ আদালতে জবানবন্দি দিয়েছেন।

    মামলার বাদী নিহত রাসেলের বাবা আমজাদ মোল্লা। তিনি প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে পুলিশের পক্ষ থেকেও পৃথক মামলা দায়ের করা হয়।

    গত শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করে। এরপর নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। পাল্টা প্রতিরোধে সংঘর্ষ বাঁধে, এতে ভক্ত রাসেল নিহত ও শতাধিক মানুষ আহত হন। দরবারে আগুন দেওয়া হয় এবং পুলিশের ওপর হামলাও ঘটে।

    পুলিশ জানায়, উত্তেজনার সূত্রপাত হয়েছিল নুরাল পাগলার দাফনকে ঘিরে। ২৩ আগস্ট তার মৃত্যু হলে ভক্তরা দরবারের ভেতরে কবর দেন। তৌহিদি জনতা এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। অবশেষে ক্ষুব্ধ জনতা মরদেহ কবর থেকে তুলে এনে মহাসড়কের পদ্মার মোড়ে পুড়িয়ে দেয়।

  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহ পোড়ানো ঘটনায় গ্রেপ্তার ১৮

    রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহ পোড়ানো ঘটনায় গ্রেপ্তার ১৮

    এবিএনএ:  রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানো, পুলিশের গাড়ি ভাঙচুরসহ সহিংস ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলা বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

    গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। অবশেষে ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় দরবার ভাঙচুর, লাশ উত্তোলন, মরদেহ পোড়ানো, লুটপাট, হামলা ও হতাহতের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

    পুলিশ জানায়, সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। এলাকাজুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • গোয়ালন্দে তাণ্ডব: দরবারে হামলার পর কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র মরদেহ

    গোয়ালন্দে তাণ্ডব: দরবারে হামলার পর কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র মরদেহ

    এবিএনএ: রাজবাড়ীর গোয়ালন্দে সহিংসতায় উত্তাল হয়ে ওঠে জুরান মোল্লাপাড়া এলাকা। নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর থেকে মরদেহ তুলে তা আগুনে পোড়ায় বিক্ষুব্ধ জনতা।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই শতাধিক মানুষ গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওই দরবার শরীফে হামলা চালায়। প্রথমে দরবার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর মরদেহ কবর থেকে তুলে মাটিতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়।

    এই হামলায় দরবার শরীফের অনুসারী ও ভক্তসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বহুদিন ধরে নুরাল পাগলার দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছিল, যা শুক্রবার বড় সহিংসতায় রূপ নেয়।

    গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।