Tag: মহিলা দল

  • মোংলায় মহিলা দল নেত্রীর বাড়িতে কোস্টগার্ডের অভিযান: ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

    মোংলায় মহিলা দল নেত্রীর বাড়িতে কোস্টগার্ডের অভিযান: ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

    এবিএনএ,মোংলা : বাগেরহাটের মোংলা উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের পরিমাণ ১৯৭ বোতল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে মোংলা থানার চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় এবং একই সঙ্গে একজনকে আটক করা হয়।

    আটক ব্যক্তি অভিজিৎ পাড়ই শান্ত। তিনি মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের বাসিন্দা পিতর পাড়ইয়ের ছেলে বলে জানা গেছে।

    এলাকাবাসীর দাবি, যে বাড়ি থেকে মদ উদ্ধার করা হয়েছে সেটি মোংলা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস (লিথি)-এর বসতবাড়ি। অভিযানের সময় তিনি বাড়িতেই উপস্থিত ছিলেন বলে জানা যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আটক অভিজিৎ পাড়ই শান্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।

    এ বিষয়ে তানিয়া বিশ্বাস লিথি জানান, তাদের বাড়ি থেকে মদ উদ্ধারের বিষয়টি তিনি অস্বীকার করছেন না। তবে তার দাবি, জব্দ করা মদের মালিক তারা নন। তার স্বামীর এক পরিচিত ব্যক্তি এগুলো সাময়িকভাবে তাদের বাড়িতে রাখার জন্য দিয়েছিল। যদিও ওই ব্যক্তির নাম তিনি প্রকাশ করেননি।

    মোংলা থানা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। যদি কেউ মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকে, তবে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি আরও জানান, বিষয়টি সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে।

    তিনি আরও জানান, জব্দ করা মদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • নতুন কৌশলে নির্বাচনী মাঠে বিএনপির নারীরা, শুরু খুলনা বিভাগ থেকে

    নতুন কৌশলে নির্বাচনী মাঠে বিএনপির নারীরা, শুরু খুলনা বিভাগ থেকে

    এবিএনএ: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপির নারীকর্মীরা। সরাসরি মহিলা দলকে নামানো না হলেও তাদের পরিবর্তে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ মাঠে কাজ করবে। তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের সংগঠিত করে ধানের শীষের পক্ষে জনমত গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ওপর।

    বিএনপি নেতারা জানান, সরাসরি মহিলা দলকে সক্রিয় না করে ফোরামের মাধ্যমেই নারী ভোটারদের কাছে পৌঁছানো হবে। ২০১৯ সালের আগস্টে যাত্রা শুরু করা এ সংগঠনের আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আর সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী

    এরই মধ্যে জামায়াতে ইসলামী তাদের মহিলা কর্মী ও ছাত্র সংগঠনের মেয়েদের সক্রিয় করেছে। তারা প্রতিশ্রুতি ও সহায়তার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন, এই প্রতিযোগিতা মোকাবিলায় ফোরামকে সামনে আনা প্রয়োজন।

    তবে প্রশ্ন উঠেছে— ফোরাম কতটা কার্যকর হবে? কারণ এ সংগঠন মূলত ঘরোয়া সভা-সেমিনারে সীমাবদ্ধ এবং সারাদেশে এর বিস্তার এখনো সীমিত।

    সেলিমা রহমান বলেন,
    “আমরা চাই জনগণ বুঝুক, দেশকে উন্নত করতে হলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে। সচেতন নাগরিকই পারে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।”

    বিএনপি সূত্র জানায়, ফোরামের কার্যক্রম সফল হলে মহিলা দলকেও মাঠে নামানো হবে। এদিকে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান জানান, তারেক রহমানের নির্দেশনায় আসনভিত্তিক কাজ চলছে।

    আগামী ১৪ অক্টোবর খুলনা বিভাগ থেকে ফোরামের কর্মসূচি শুরু হবে। প্রথম দিন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরদিন যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে, আর ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় হবে আলোচনা সভা।

    সব কর্মসূচির নেতৃত্বে থাকবেন সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় বলেন,
    “আমাদের মূল উদ্দেশ্য নারী ভোটারদের কাছে বিএনপির ভাবনা তুলে ধরা, তাদের অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে সচেতন করা।”