Tag: ভোট নিরাপত্তা

  • ঢাকা-৮: ভোটের আগেই মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান, মির্জা আব্বাসের অভিযোগ

    ঢাকা-৮: ভোটের আগেই মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান, মির্জা আব্বাসের অভিযোগ

    এবিএনএ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনে ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্র দখল করে অনিয়মের চেষ্টা চালাচ্ছে।

    শাহজাহানপুরে বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস জানান, সাধারণ জনগণ ও বিএনপির কর্মীরা তাদের আটকও করেছে। অনেকে পালিয়ে গেছে, তবে তারা এখনও নির্বাচনী সহিংসতার ঝুঁকি তৈরি করছে।

    প্রার্থী আরও বলেন, ফকিরাপুল ও আরামবাগের মেস-হোস্টেলগুলোতে সশস্ত্র অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা আগামী ভোটের দিন কেন্দ্রগুলোতে যেতে পারে। রাত ১১টার পর পুনরায় কেন্দ্র দখল করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মির্জা আব্বাস দাবি করেন, তার আসন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে নির্বাচনী কারচুপির চেষ্টা চলছে। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

  • ঢাকা-১৫: দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথে ভাঙচুর, অভিযোগ জামায়াত আমিরের

    ঢাকা-১৫: দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথে ভাঙচুর, অভিযোগ জামায়াত আমিরের

    এবিএনএ: ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী বুথে ১৩টি স্থানে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনার কথা জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি লিখেছেন, “আজ আমার নির্বাচনী আসনের ১৩টি বুথে ভাঙচুর করা হয়েছে। যারা সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামাতে চাচ্ছে, তারা ভুলে যাচ্ছে—এই জাতি বহু প্রতিকূলতা পেরিয়ে এসেছে।”

    জামায়াত আমির আরও বলেছেন, “পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে। সাধারণ মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যর্থ, তারা এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।”

    তিনি আশা প্রকাশ করেন, “ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। দাঁড়িপাল্লা প্রতীকের জনপ্রিয়তা জনগণের মধ্যে এতোটাই দৃঢ় যে তার প্রতিফলন আগামী নির্বাচনের ভোটে স্পষ্টভাবে দেখা যাবে, ইনশাআল্লাহ।”

  • ঢাকা ও তিন জেলায় নির্বাচনী নিরাপত্তার জন্য মোতায়েন ৩৮ প্লাটুন বিজিবি

    ঢাকা ও তিন জেলায় নির্বাচনী নিরাপত্তার জন্য মোতায়েন ৩৮ প্লাটুন বিজিবি

    এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিনটি জেলায় ব্যাপক মোতায়েন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানী ও আশপাশের এলাকায় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি ৫ ব্যাটালিয়নের অধীনে ৩৮টি প্লাটুন দায়িত্ব পালন করবে।

    বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পিলখানার ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচনকালীন মহড়া শেষে এই তথ্য জানান বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন মোতায়েন থাকবে।

    নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করবে। এতে করে প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এবং ভোটাররা নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    নিরাপত্তা জোরদারের জন্য গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশির কাজ পরিচালনার জন্য মোতায়েন থাকবে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। নির্বাচনের আগে ও চলাকালে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

    ২৯ জানুয়ারি থেকে নির্বাচনকালীন বিশেষ মোতায়ন কার্যক্রম শুরু হবে। এর আগে ইতিমধ্যেই দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। জরুরি পরিস্থিতিতে র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

    আধুনিক প্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করা হয়েছে। বডি ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি এবং অন্যান্য সিগন্যাল সরঞ্জাম দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

    প্রিজাইডিং অফিসার যদি সহায়তা চায় বা কোনো কেন্দ্রে সহিংসতা, জাল ভোট বা পরিস্থিতির অবনতি হয়, বিজিবি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে। লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, সরকারের, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবারের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে।