Tag: ভারত পাকিস্তান

  • ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের ছায়া: সক্রিয় হলো সর্বাধুনিক অস্ত্র

    ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের ছায়া: সক্রিয় হলো সর্বাধুনিক অস্ত্র

    এবিএনএ:  ভারত পাকিস্তানের মধ্যকার সীমান্ত সংঘর্ষ আরও ভয়াবহ আকার নিতে চলেছে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। দুই দেশের সেনাবাহিনী ইতিমধ্যেই অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করেছে এবং যুদ্ধ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে।

    সাম্প্রতিক ঘটনায়, সীমান্তজুড়ে প্রতিরাতেই ভারী গোলাবর্ষণ ঘটছে। গতকাল রাতেও ব্যাপক সংঘর্ষ হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী, গত দুই দিনে ভারতের মোট ৭৭টি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টাকালে তাদের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে এবং পাকিস্তানের একটি সামরিক চৌকি ধ্বংস করেছে।

    ভারতীয় সেনার মতে, পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণের ফলে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি এক নারী নিহত তিনজন আহত হয়েছেন। উরি অঞ্চলে এই হামলা হয়।

    টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে পাকিস্তান ভারতের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ ড্রোন পাঠিয়েছে, যেগুলোর অনেকগুলো অস্ত্রবিহীন থাকলেও ক্যামেরা যুক্ত ছিল এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।

    ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। পাকিস্তান এসব অভিযোগ নাকচ করে বলেছে, ভারতের এসব দাবি ভিত্তিহীন।

    এদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ভারতের হারপ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে তাদের বাহিনী। এসব ড্রোন রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, লাহোরসহ বেশ কয়েকটি শহরে প্রবেশের চেষ্টা করেছিল।

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গত কয়েকদিনের লড়াইয়ে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে এবং পাকিস্তান পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নিহত পাকিস্তানি সেনাদের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।

    তীব্র এই উত্তেজনার মধ্যেই দুই দেশের জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। তিনি বলেন, এখনই সংলাপ শুরু করা ছাড়া বিকল্প নেই এবং আন্তর্জাতিক মহল বিষয়ে হস্তক্ষেপ করছে।

  • পেহেলগামের হামলার পর যুদ্ধ প্রস্তুতি! ভারতের কয়েকটি রাজ্যে জরুরি মহড়ার নির্দেশ

    পেহেলগামের হামলার পর যুদ্ধ প্রস্তুতি! ভারতের কয়েকটি রাজ্যে জরুরি মহড়ার নির্দেশ

    এবিএনএ:  পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের কয়েকটি রাজ্যকে যুদ্ধাবস্থার সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে এবং ৭ মে (বুধবার) দিনব্যাপী মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছে।

    সূত্র জানায়, গত সপ্তাহে নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকটি রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির মহড়া চালানোর নির্দেশ দেয়।

    মহড়ার আওতায় থাকছে—বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো, নাগরিকদের নিরাপত্তা বিধানে সচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের করণীয় নির্ধারণ, ব্ল্যাকআউট পরিস্থিতিতে আচরণবিধি ও জরুরি উদ্ধার প্রক্রিয়া অনুশীলন।

    রবিবার রাতেই পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে এক ঘণ্টার ‘ব্ল্যাকআউট ড্রিল’ পরিচালিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট সময়ে যেন তারা বাড়ির আলো না জ্বালান এবং বাইরে দৃশ্যমান কিছু ব্যবহার না করেন।

    সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতোমধ্যেই ২২ এপ্রিল থেকে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। রাতের ড্রিলের পর সাধারণ মানুষও বাড়তি সতর্কতা গ্রহণ করেছেন।

    পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি দৃঢ় কণ্ঠে বলেন, “যারা শুধু হামলা চালিয়েছে নয়, যারা সন্ত্রাসবাদে সহায়তা করেছে, তাদেরও ছাড় দেওয়া হবে না। ভারতের প্রতিক্রিয়া হবে কঠিন ও দৃশ্যমান।”

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দিল্লির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেন, “ভারতের জনগণ প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কে জানেন। আমরা কঠোর জবাব দেব, এটি আমার প্রতিশ্রুতি।” তিনি যোগ করেন, “একজন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব দেশের সীমান্ত রক্ষা করা এবং যারা আমাদের দেশে হামলার সাহস দেখায়, তাদের শক্ত জবাব দেওয়া।”

    এই পরিস্থিতিতে ভারতজুড়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং নাগরিকদের সচেতন থাকতে বলা হয়েছে।