বিনোদন

জন্মদিনে বুবলীর বড় চমক, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার প্রথম প্রযোজিত সিনেমা!

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অর্জন। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে যাচ্ছেন তিনি। জন্মদিনের বিশেষ মুহূর্তে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দের এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী জানান, তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে।

একই পোস্টে সিনেমাটির প্রথম পোস্টারও প্রকাশ করেন তিনি। বুবলী জানান, প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম কাজ হিসেবে এমন একটি স্বীকৃতি পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। নতুন এই যাত্রায় দর্শকদের ভালোবাসা ও সহযোগিতাও কামনা করেছেন অভিনেত্রী। ভবিষ্যতে আরও ভালো এবং মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, অভিনয়জগতে আসার আগে বুবলী উড়োজাহাজের কেবিন ক্রু এবং পরবর্তী সময়ে সংবাদপাঠক হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ধীরে ধীরে ঢালিউডে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’। সর্বশেষ তাকে দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় বুবলীর এই নতুন পদক্ষেপ তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। জন্মদিনে পাওয়া এই সুখবর তাই অভিনেত্রীর ভক্তদের জন্যও বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button