Tag: বিমান বাহিনী

  • অবৈধ সম্পদের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা!

    অবৈধ সম্পদের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা!

    এবিএনএ:  অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রবিবার এই মামলাগুলো দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    দুদকের দায়ের করা প্রথম মামলায় অভিযোগ রয়েছে, শেখ আব্দুল হান্নান নিজের বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনও পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে।

    এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    অপরদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অজানা উৎস থেকে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দুদক পেয়েছে।

    এই মামলায় তাহমিদাকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে অবৈধ সম্পদ সৃষ্টিতে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে।

    তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

    এ ব্যাপারে দুদক জানিয়েছে, সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদ বিবরণীতে গরমিলের ভিত্তিতে তদন্ত চালিয়ে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

  • উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: মৃত্যু ২০ জনে পৌঁছেছে, আহত ১৭১ জন

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: মৃত্যু ২০ জনে পৌঁছেছে, আহত ১৭১ জন

    এবিএনএ:  রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন আরও ১৭১ জন মানুষ। দুর্ঘটনার পর পরই উদ্ধার তৎপরতায় নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

    সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।

    বিমান বিধ্বস্তের পর কলেজের একাধিক ভবনে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী ও কর্মকর্তা হতাহত হন। দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

    আইএসপিআরের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা বিকট শব্দে কলেজ ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এরপর আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটোছুটি করতে থাকেন।

    সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র‍্যাব সদস্যরা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। দুর্ঘটনাস্থলে সাধারণ মানুষকে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।