Tag: বলিউড

  • মুখার্জি বাড়ির পূজায় ফের একসঙ্গে কাজল-রানি, ভক্তদের চোখে জীবন্ত স্মৃতি

    মুখার্জি বাড়ির পূজায় ফের একসঙ্গে কাজল-রানি, ভক্তদের চোখে জীবন্ত স্মৃতি

    এবিএনএ:  শরতের হাওয়ায় ভেসে এসেছে দুর্গাপূজার আমেজ। ঢাকের শব্দ, কাশফুলে ভরা মাঠ আর সাদা মেঘের ফাঁকে আলো ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মুখার্জি পরিবারের ঐতিহ্যবাহী পূজা। প্রতি বছরের মতো এবারও ভক্ত ও তারকাদের ভিড়ে জমজমাট ছিল এই পূজামণ্ডপ।

    সবার চোখে সবচেয়ে আকর্ষণীয় ছিল বলিউডের দুই জনপ্রিয় মুখ—কাজল ও রানি মুখার্জি। পূজার প্রথম দিনেই প্যান্ডেলে তাদের একসঙ্গে দেখা মিলতেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অফ-হোয়াইট শাড়ির সঙ্গে লাল ব্লাউজে কাজলকে যেমন দীপ্তিময় লাগছিল, তেমনি সাদা জামদানিতে রাজকীয় রূপে ছিলেন রানি। হালকা টিপ, সরল গয়না আর চেনা হাসিতে তারা যেন পূজার আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন।

    প্রতিমার সামনে বসে প্রার্থনা, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার প্রতিটি মুহূর্তেই ধরা পড়েছিল পারিবারিক ঐতিহ্যের আবেগ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য ভক্তদের মনে ফিরিয়ে এনেছে কুছ কুছ হোতা হ্যায় ছবির অঞ্জলি-টিনার বন্ধুত্বের স্মৃতি।

    তবে শুধু নস্টালজিয়া নয়, এবারের পূজায় ছিল গভীর আবেগের ছোঁয়াও। কারণ, এই বছর নেই পরিবারের প্রাণপুরুষ দেব মুখার্জি। কাজল-তানিশার কাকা দেব মুখার্জি পূজার প্রাণ ছিলেন। তাঁর অনুপস্থিতিতে প্রথম পূজা হলেও তাঁর স্মৃতি যেন প্রতিটি কোণায় ভেসে উঠছিল। কাজল ও রানির একসঙ্গে উপস্থিতি সেই শূন্যতা অনেকটা পূরণ করেছে।

    রানি পূজার অন্যতম আয়োজক হিসেবে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে প্রতিটি কাজে সক্রিয় ছিলেন। কাজলও তাঁর পাশে দাঁড়িয়ে পরিবারের এই মিলনমেলায় একাত্ম হয়েছিলেন।

    মুখার্জি বাড়ির দুর্গাপূজা এবারও প্রমাণ করল—এটি কেবল ধর্মীয় আয়োজন নয়, বরং এক আবেগময় মিলনমেলা, যেখানে আনন্দ ও স্মৃতি একসূত্রে বাঁধা থাকে।

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ-রানির বন্ধুত্বে মুগ্ধ ভক্তরা

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ-রানির বন্ধুত্বে মুগ্ধ ভক্তরা

    এবিএনএ: লিউড কিং শাহরুখ খান ও জনপ্রিয় নায়িকা রানি মুখার্জির বন্ধুত্ব আবারও আলোচনায়। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তারকা জুটিকে ঘিরে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

    মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জেতেন শাহরুখ খান তার ব্লকবাস্টার সিনেমা জওয়ান-এর জন্য। আর মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে-তে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখার্জি।

    পুরস্কার নিতে গিয়েও পাশাপাশি বসেন শাহরুখ-রানি। মঞ্চে ও আসরে একে অপরকে সহযোগিতা করার কয়েকটি মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে যায়। এক ভিডিওতে দেখা যায়, মেডেলের ফিতে নিয়ে বিব্রত শাহরুখকে সাহায্য করছেন রানি। নিজের ফোনের ক্যামেরা চালু করে তিনি দেখিয়ে দেন, মেডেলটি সঠিকভাবে বসেছে কি না।

    অন্য এক ভিডিওতে দেখা যায়, রানি দাঁড়ানোর সময় তার শাড়ির আঁচল আটকে যায়। তখন শাহরুখ এগিয়ে এসে সেটি ছাড়িয়ে দেন। এমনকি একটি ছবিতে শাহরুখকে রানির গালে স্নেহের চুম্বন দিতেও দেখা যায়।

    এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের হৃদয় ছুঁয়েছে। একজন লিখেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে খুঁজে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।” আরেকজনের মন্তব্য, “নারীদের প্রতি শাহরুখের সম্মানই তাকে সত্যিকারের পুরুষ করে তোলে।”

    শুধু ভক্তরাই নয়, শাহরুখের স্ত্রী গৌরী খানও ইনস্টাগ্রামে স্বামী ও রানির ছবি শেয়ার করে প্রশংসা করেছেন।

    অনস্ক্রিনে বহুবার একসঙ্গে দর্শকদের মাতানো এই জুটি বাস্তবেও যে গভীর বন্ধুত্ব ভাগাভাগি করেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে তা আরও একবার প্রমাণ হলো।

  • লাদাখে শুটিংয়ে আহত সালমান খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

    লাদাখে শুটিংয়ে আহত সালমান খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

    এবিএনএ:  বলিউড সুপারস্টার সালমান খান আবারও শিরোনামে—তবে এবার সিনেমার জন্য নয়, শুটিং চলাকালে আহত হওয়ার কারণে। ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির লাদাখ শিডিউলে অংশ নিতে গিয়ে চোট পান তিনি।

    অপূর্ব লাখিয়া পরিচালিত এ ছবির একটি সূত্র জানিয়েছে, শূন্যের নিচে তীব্র ঠান্ডা ও অক্সিজেন সংকটের মধ্যেও শুটিং করেছেন সালমান খান। শারীরিক সমস্যার পরও সর্বোচ্চ চেষ্টা করে তিনি দৃশ্য ধারণে অংশ নেন।

    প্রায় ৪৫ দিন ধরে চলা শুটিংয়ের মধ্যে সালমান ১৫ দিন ইউনিটের সঙ্গে ছিলেন। এ সময়ই আহত হলেও শুটিং শেষ না করে দৃশ্যগুলো সম্পন্ন করেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন এই জনপ্রিয় নায়ক।

    আগামী সপ্তাহে ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে মুম্বাইয়ে। সেখানেই সালমান খানের নতুন শিডিউল রয়েছে।

    ২০২০ সালের ভারত-চীন সেনাদের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিটির প্রথম পোস্টার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যেখানে রক্তাক্ত ও দৃঢ়চোখে তাকিয়ে থাকা সালমান খানের লুক দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন

    অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন

    এবিএনএ:  বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর-নভেম্বরের মধ্যেই নতুন অতিথির আগমন ঘটতে পারে। যদিও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তিনি মিডিয়ার সামনে খুব একটা দেখা দিচ্ছেন না। জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা মাতৃত্বকালীন দীর্ঘ ছুটি নেবেন এবং সম্পূর্ণ সময়টি পরিবারকে দেবেন।

    সম্প্রতি ভিকি কৌশলের নতুন ছবি ব্যাড নিউজ-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি মুচকি হেসে বলেন, “যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে তা সবার সঙ্গে ভাগ করে নেব। তবে এখন এর কোনো সত্যতা নেই। আপাতত ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, তখন জানানো হবে।”

    উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোপনীয়তা বজায় রেখে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নিজেদের বিশেষ মুহূর্ত শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন তারা।

    কাজের দিক থেকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ঐতিহাসিক পটভূমির সিনেমা ছাভা-তে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ শেষ অভিনয় করেছেন বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।

  • মা হারানোর কষ্টও পরিণত হয়েছিল বিনোদনে, শ্রীদেবীকে হারানোর স্মৃতি শোনালেন জাহ্নবী কাপুর

    মা হারানোর কষ্টও পরিণত হয়েছিল বিনোদনে, শ্রীদেবীকে হারানোর স্মৃতি শোনালেন জাহ্নবী কাপুর

    এবিএনএ:  বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ক্যারিয়ার শুরু হয়েছিল জীবনের সবচেয়ে বড় আঘাতের পরপরই। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী মৃত্যুবরণ করেন। সেই শোক সামলাতেই ব্যস্ত থাকা অবস্থায় মুক্তি পায় তার প্রথম ছবি ধড়ক

    সম্প্রতি ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী জানালেন, মাকে হারানোর ব্যথার পাশাপাশি মানুষের নিষ্ঠুর আচরণকেও সহ্য করতে হয়েছিল তাকে ও বোন খুশি কাপুরকে। তার ভাষায়, “আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরের লোকদের সামনে তা প্রকাশ করিনি। অথচ মানুষ মনে করেছিল, আমাদের দিকে কাদা ছোড়া যায়, যেন আমরা অনুভূতিহীন।”

    জাহ্নবীর অভিযোগ, মায়ের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, সেই সঙ্গে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার তীব্র নজরদারিও ছিল অসহনীয়। তিনি বলেন, “সিনেমার প্রচারে গিয়ে যদি হাসতাম, বলা হতো খুব দ্রুত স্বাভাবিক হয়ে গেছি। আবার নীরব থাকলে বলা হতো আমি ঠাণ্ডা মনের। এসব নিয়েও মিম বানানো হয়েছিল, যা ছিল অকল্পনীয়। ভাবা যায়! মাকে হারানোই যথেষ্ট কষ্টের, কিন্তু সেটিকে পুরো দেশের বিনোদনে পরিণত করা ছিল আরও ভয়াবহ।”

    তিনি আরও জানান, এই অভিজ্ঞতা তাকে মানুষের সহানুভূতি ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।

    ব্যক্তিগত শোক ও সমালোচনার ঝড় পেরিয়েও জাহ্নবী অভিনয় থেকে সরে দাঁড়াননি। বর্তমানে তার অভিনীত পরম সুন্দরী সিনেমা প্রেক্ষাগৃহে চলছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

  • অবশেষে প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটির বিলাসবহুল প্রাসাদ, দেখুন স্বপ্নের বাড়ির ভেতরের ঝলক

    অবশেষে প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটির বিলাসবহুল প্রাসাদ, দেখুন স্বপ্নের বাড়ির ভেতরের ঝলক

    এবিএনএ: বলিউডের আলোচিত তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত স্বপ্নের আবাস অবশেষে সম্পূর্ণ হলো। দীর্ঘ কয়েক বছরের নির্মাণকাজ শেষে ২৫০ কোটি রুপির এই বিলাসবহুল প্রাসাদ সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে।

    ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছয়তলা বিশিষ্ট এই বাংলো শুধু বিলাসবহুল স্থাপনা নয়, বরং কাপুর পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতা। একসময় এটি ছিল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের আবাস। আশির দশকে বাড়িটি ঋষি কাপুর ও নীতু কাপুরের দখলে আসে। বর্তমানে রণবীর ও আলিয়া এই উত্তরাধিকারের নতুন অধ্যায় শুরু করছেন।

    সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে বাড়িটির ভেতরের কিছু দৃশ্য প্রকাশিত হয়েছে। প্রাসাদের বাইরের দেয়ালে ধূসর রঙের ছোঁয়া, চারপাশে সবুজ গাছপালা আর প্রতিটি বারান্দায় ঝলমলে সবুজে সাজানো। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে উঁচু ছাদে ঝুলন্ত বিশাল ঝাড়বাতি, যা ঘরের ইন্টেরিয়রে আভিজাত্যের আমেজ ছড়িয়ে দেয়।

    নতুন বাড়ির কাজ চলাকালীন একাধিকবার আলিয়া-রণবীর ও তাদের কন্যা রাহাকে সাইট পরিদর্শনে দেখা গেছে। নীতু কাপুরকেও প্রায়ই বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হতে হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই একটি শুভ দিনে পুরো পরিবার এখানে উঠবেন।

    রণবীর ও আলিয়া ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। তাদের কন্যা রাহা জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

    কাজের ক্ষেত্রেও দুই তারকা ব্যস্ত সময় পার করছেন। আলিয়া ভাট সম্প্রতি বাসন বালার পরিচালিত জিগরা সিনেমায় অভিনয় করেছেন এবং সামনে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স প্রজেক্ট আলফা-তে দেখা যাবে তাকে। অন্যদিকে, রণবীর কাপুর এখন নিটেশ তিওয়ারির রামায়ণ: পার্ট ১ ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যা মুক্তি পাবে দীপাবলিতে ২০২৬ সালে। এ ছাড়া এই জুটি একসঙ্গে অভিনয় করবেন সঞ্জয় লীলা বনসালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র লাভ অ্যান্ড ওয়ার-এ।

  • মেলবোর্নে দিব‍্যর সঙ্গে হঠাৎ দেখা, পিঠ চাপড়ে শুভেচ্ছা জানালেন আমির খান

    মেলবোর্নে দিব‍্যর সঙ্গে হঠাৎ দেখা, পিঠ চাপড়ে শুভেচ্ছা জানালেন আমির খান

    এবিএনএ:  অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। দেশের জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির এই সন্তান অভিনয়ে যেমন সমান দক্ষ, তেমনি পড়াশোনার পাশাপাশি দেশ-বিদেশে ঘুরে বেড়াতেও ভালোবাসেন।

    সম্প্রতি মেলবোর্ন ভ্রমণের সময় দিব্যর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় বলিউডের সুপারস্টার আমির খানের। মা শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে সেই ছবিটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়—দিব্য কাঁধে ব্যাগ ঝুলিয়ে শার্টের ওপর ফুল স্লিভ সোয়েটার পরে দাঁড়িয়ে আছেন আমির খানের পাশে, আর আমির খানের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।

    শাহনাজ খুশির ভাষায়, দিব্য প্রথমে নিজেকে বাংলাদেশের একজন অভিনেতা হিসেবে পরিচয় দেন, কথা বলেন, আর প্রিয় নায়কের সঙ্গে ছবি তোলার সুযোগ নেন। কথোপকথনের এক পর্যায়ে দিব্য জানায় যে, ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিনি কাজ করেছেন।

    এই খবর শুনে আমির খান বিশেষ আন্তরিকতা দেখান এবং দিব্যর পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান। কারণ, তিনি নিজেও শ্যাম বেনেগালের বড় ভক্ত এবং গর্বের সঙ্গে তার প্রশংসা করেন।

    শাহনাজ খুশি পোস্টে আরও লেখেন, “অচেনা ও অখ্যাত একজন শিল্পীর প্রতিও আমির খানের এমন বিনয় ও সম্মান প্রদর্শন সত্যিই দিব্যর জন্য অনুপ্রেরণামূলক।”

  • জাতীয় স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত শাহরুখ: ‘এটা কেবল পুরস্কার নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা’

    জাতীয় স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত শাহরুখ: ‘এটা কেবল পুরস্কার নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা’

    এবিএনএ:  বলিউডের বাদশা শাহরুখ খান অভিনয়ে পা রেখেছেন ৩৩ বছর আগে। অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও এতদিন পর্যন্ত তার প্রাপ্তির খাতায় ছিল না ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এবার ভাঙল সেই অপেক্ষার প্রাচীর। ‘জাওয়ান’ ছবির অনবদ্য অভিনয়ের জন্য শাহরুখ পেলেন জীবনের প্রথম জাতীয় সম্মান।

    শুক্রবার সন্ধ্যায় ঘোষিত ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান তিনি। সম্মান পাওয়ার পরই শাহরুখ এক আবেগঘন ভিডিও বার্তায় বলেন, “এই পুরস্কার শুধু একটি সম্মান নয়, এটা আমাকে মনে করিয়ে দেয় আমি যা করি তা গুরুত্বপূর্ণ। এটি আমাকে বলছে—এগিয়ে যাও, আরও কঠোর পরিশ্রম করো এবং নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নাও।”

    তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞ জুরি বোর্ড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাদের ভালোবাসায় এই স্বীকৃতি পেলাম তাদের প্রতি। এই মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব।”

    কিং খান তার সহকর্মীদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন। “জাওয়ান”-এ কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান নির্মাতা অ্যাটলি, লেখক সাইদ এবং প্রযোজক রাজু স্যারকে। নিজের টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তারা আমাকে ধৈর্য ধরে সামলায়, যেন আমি নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরতে পারি।”

    এদিকে, শাহরুখ খান বর্তমানে লন্ডনে বিশ্রামে রয়েছেন। ‘কিং’ ছবির শুটিংয়ের সময় পুরোনো কাঁধের চোট আবার দেখা দেওয়ায় চিকিৎসা নিতে গেছেন তিনি।

    অন্যদিকে, ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার শাহরুখের পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “শাহরুখ স্যার, আপনি জাতীয় পুরস্কার পেলেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ‘জাওয়ান’-এর সঙ্গে যুক্ত হতে পারা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এটি আপনার জন্য আমার প্রথম প্রেমপত্র—এখনও অনেক কিছু বাকি আছে বলেই জানালেন তিনি।”

    শাহরুখের প্রতি নিঃশর্ত ভালোবাসার কথা জানিয়ে অ্যাটলি আরও লেখেন, “আপনার পাশে থাকতে পারাটাই আশীর্বাদ। আমি আপনার একজন আজীবন ভক্ত।”

  • বলিউড তারকা শারমান জোশির সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় তানজিন তিশা

    বলিউড তারকা শারমান জোশির সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় তানজিন তিশা

    এবিএনএ:  বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা এবার বড় পর্দায় পা রাখছেন, তবে সেটা ঢালিউডে নয়, সরাসরি টালিউডে। তিশাকে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা ‘থ্রি ইডিয়টস’-খ্যাত শারমান জোশির বিপরীতে। কলকাতার নির্মাতা এম এন রাজ পরিচালিত এই রোমান্টিক-ড্রামা সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’।

    পরিচালক নিজেই জানিয়েছেন, সিনেমাটির মূল চরিত্রে থাকছেন তানজিন তিশা, যাঁর চরিত্রের নাম ‘হিয়া’। বিপরীতে শারমান জোশি থাকবেন এক কলেজ অধ্যাপক ‘আবির’-এর চরিত্রে। সিনেমাটির গল্প আবর্তিত হবে হিয়া ও আবিরের মধ্যকার জটিল প্রেম ও সম্পর্ককে ঘিরে।

    গত সপ্তাহে নির্মাতা এম এন রাজ ও কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে মিটিং করে শেষপর্যন্ত তানজিন তিশাকে চূড়ান্ত করেন। এছাড়া বাংলাদেশের আরেক অভিনেতা খাইরুল বাশারকেও যুক্ত করা হয়েছে এই প্রজেক্টে।

    সিনেমার গল্প অনুযায়ী, হিয়া তাঁর শিক্ষক আবিরের প্রেমে পড়েন এবং একপর্যায়ে বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের পর আবির হিয়াকে এড়িয়ে চলতে থাকেন। আবিরের অতীত জীবনের প্রেমিকা ‘পারমিতা’-এর ছায়া তাদের সম্পর্কের মাঝে পড়ে। এতে আবিরের প্রেমিকার চরিত্রে থাকছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, এবং গল্পে নতুন মোড় আনবেন বাসারের চরিত্র।

    শারমান জোশি বলেন, “বাংলা ভাষায় কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। বাংলা চলচ্চিত্রে কাজ করাটা আমার জন্য সম্মানের বিষয়।”

    তানজিন তিশা এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া না দিলেও, কলকাতার কাস্টিং ডিরেক্টর শরিফ জানান, ৩০ জুলাই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

    অভিনেতা খাইরুল বাশার বলেন, “স্ক্রিপ্ট শুনেই বুঝেছিলাম এটা আমার জন্য পারফেক্ট অভিষেক। শারমান জোশির মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করাটা বিশাল সুযোগ।”

    পরিচালকের ভাষ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে দার্জিলিংয়ে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হবে, চলবে টানা ২৩ দিন। এরপর দ্বিতীয় ধাপে অক্টোবর মাসে মুর্শিদাবাদে শুটিং হবে। সব কাজ শেষে ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

    এই যৌথ প্রযোজনাটি পরিচালিত হচ্ছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার-এর ব্যানারে।

    বাংলা ও বলিউডের দুই তারকা মুখ নিয়ে তৈরি এই সিনেমাটি দর্শকদের মাঝে ইতোমধ্যেই আগ্রহ তৈরি করেছে।

  • শাহরুখ খানের শুটিং দুর্ঘটনা: গুরুতর চোটে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন, সিনেমা স্থগিত

    শাহরুখ খানের শুটিং দুর্ঘটনা: গুরুতর চোটে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন, সিনেমা স্থগিত

    এবিএনএ: বলিউড সুপারস্টার শাহরুখ খান নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশনধর্মী সিনেমার একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয়ের সময় শাহরুখের পেশিতে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

    ঘটনাটি ঘটে মুম্বাইয়ের একটি বিখ্যাত স্টুডিওতে। তবে শাহরুখের পক্ষ থেকে বা তাঁর টিমের কেউ এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। জানা গেছে, আগে থেকেই পেশির সমস্যায় ভুগছিলেন শাহরুখ। এবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখের চোট গুরুতর হওয়ায় অন্তত দুই মাস তিনি কোনো শুটিং করতে পারবেন না। এই পরিস্থিতিতে ‘কিং’ সিনেমার চলতি শিডিউল বাতিল করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওতে নির্ধারিত দৃশ্যধারণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

    শাহরুখের সুস্থতা পর্যন্ত সিনেমার শুটিং পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট ও রেড চিলিজ। সিনেমার কাজ আবার শুরু হতে পারে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের মাঝামাঝি সময়ে।

    ‘কিং’ সিনেমায় শাহরুখ খান অভিনয় করছেন এক আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায়। তাঁর সঙ্গে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে মেয়ে সুহানা খানকে, যিনি ছবিতে ডনের শিষ্যের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি ও অভিষেক বচ্চন। সিনেমার উল্লেখযোগ্য অংশ ইউরোপে শুটিং হবে বলেও জানা গেছে।

    এ বছরের মে মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘কিং’ মুক্তি পাবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে। এ সিনেমার পর শাহরুখ আবারও YRF স্পাই ইউনিভার্স-এ ‘পাঠান-২’ দিয়ে ফিরবেন বলে নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ সূত্র।

    শাহরুখের দ্রুত সুস্থতা কামনা করছে তাঁর ভক্তরা এবং বলিউড অঙ্গন।