Tag: দক্ষিণী সিনেমা

  • বিয়ের রেশ কাটতেই মানবিক চমক: ৪৪ স্কুলে স্কলারশিপ ঘোষণা করে আলোচনায় বিজয় দেবরকোন্ডা-রাশমিকা মান্দান্না

    বিয়ের রেশ কাটতেই মানবিক চমক: ৪৪ স্কুলে স্কলারশিপ ঘোষণা করে আলোচনায় বিজয় দেবরকোন্ডা-রাশমিকা মান্দান্না

    এবিএনএ: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আনন্দঘন আবহ শেষ না হতেই নতুন জীবনের শুরুতেই এক মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় উঠে এলেন এই তারকা দম্পতি।

    সোমবার তেলেঙ্গানার খাম্মানপেট এলাকায় বিজয়ের পৈতৃক বাড়িতে যান নবদম্পতি। পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া আয়োজনে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। তবে সফরটি কেবল পারিবারিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে বিজয় এমন এক ঘোষণা দেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    নিজের প্রতিষ্ঠিত চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালুর ঘোষণা দেন তিনি। মূলত আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করাই এই প্রকল্পের লক্ষ্য। যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়—সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

    স্বামীর এমন সামাজিক দায়বদ্ধতায় গর্ব প্রকাশ করেন রাশমিকা। তিনি প্রকাশ্যে বিজয়ের প্রশংসা করেন। ছেলের এই মানবিক সিদ্ধান্তে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ের মা-ও।

    শুধু আর্থিক সহায়তা নয়, নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতিও দেন বিজয়। তিনি জানান, নিয়মিতভাবে পৈতৃক গ্রামে আসবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

    এদিকে ঘোষণার ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ লিখেছেন, “এভাবেই এগিয়ে গেলে ভবিষ্যতে বড় রাজনৈতিক দায়িত্বেও দেখা যেতে পারে তাকে।” আবার অনেকে মন্তব্য করেছেন, “পর্দার নায়ক বাস্তবেও সত্যিকারের নায়ক।”

  • সাত বছরের প্রেমের পর বিয়ে, উদয়পুরে বিজয়–রাশমিকার ছবি ভাইরাল

    সাত বছরের প্রেমের পর বিয়ে, উদয়পুরে বিজয়–রাশমিকার ছবি ভাইরাল

    এবিএনএ: দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ককে পরিণতির পথে নিয়ে গেলেন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডারাশমিকা মন্দানা। রাজস্থানের মনোরম শহর উদয়পুর-এ পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। বিয়ের মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায় ভাসছেন নবদম্পতি।

    ভারতীয় বিনোদনমাধ্যম জুম টিভি প্রথম বিয়ের মুহূর্তের ছবি প্রকাশ করে। পরে দুজনেই নিজেদের ফেসবুকইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের বিশেষ মুহূর্ত শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই সেগুলো ভাইরাল হয়ে যায়।

    বিয়ের দিন রাশমিকা লাল রঙের জমকালো শাড়িতে সেজেছিলেন। ভারী সোনার গয়না ও পরিমিত মেকআপে ছিল ঐতিহ্যের ছোঁয়া। নজর কাড়ে তার গালে পরা কালো টিকা—কুনজর থেকে রক্ষা পেতে প্রাচীন রীতি অনুযায়ী এই প্রতীকী চিহ্ন ধারণ করেন অভিনেত্রী। অন্যদিকে বিজয় সাদা ধুতি ও লাল উত্তরীয় পরে বিয়ের মণ্ডপে আসেন। তিনিও রীতি মেনে গালে কালো টিকা পরেন, যা তাদের সাজে আলাদা মাত্রা যোগ করে।

    বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে বিজয় আবেগঘন বার্তায় লেখেন—রাশমিকাকে পাশে পেলেই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আরও সুন্দর হয়ে ওঠে; বন্ধু হিসেবে যে মানুষটিকে তিনি সবচেয়ে বেশি ভরসা করেন, তাকেই স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ঘরের কাছেই মনে হয় তার।

    জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই ভিন্ন রীতিতে। সকালে তেলুগু রীতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন তারা। পরে বিকেলে কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্যবাহী কোডাভা রীতিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয়। বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পর্ব সম্পন্ন হয়।

    ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে হলেও আয়োজন ছিল বর্ণিল ও আড়ম্বরপূর্ণ। প্রেম থেকে দাম্পত্য—এই নতুন যাত্রায় বিজয়–রাশমিকাকে শুভকামনায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

  • শেষ ছবির মুক্তিতেই বড় ধাক্কা! আইনি জটিলতায় আটকে বিজয় থালাপতির বিদায়ী সিনেমা

    শেষ ছবির মুক্তিতেই বড় ধাক্কা! আইনি জটিলতায় আটকে বিজয় থালাপতির বিদায়ী সিনেমা

    এবিএনএ: দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা বিজয় থালাপতি অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই কারণেই তার শেষ ছবি ‘জন নয়গণ’ ঘিরে ভক্তদের আবেগ ছিল তুঙ্গে। কিন্তু মুক্তির আগমুহূর্তে এসে সেই আবেগে বড় ধাক্কা দিয়েছে আইনি জটিলতা।

    সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী ৯ জানুয়ারি ছবিটি মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলে প্রথমে আদালতের সিঙ্গল বেঞ্চ দ্রুত ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। এতে সাময়িক স্বস্তি ফিরলেও সেই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয়নি।

    পরবর্তীতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের আদেশ বাতিল করে জানায়, সেন্সর বোর্ডকে তাদের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি। ফলে সিবিএফসির চূড়ান্ত অনুমোদন ছাড়া সিনেমাটি আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

    এই সিনেমার মাধ্যমেই অভিনয় জীবন শেষ করে রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন বিজয় থালাপতি। তাই অনেকের ধারণা, ছবির কিছু রাজনৈতিক ইঙ্গিত বা বার্তাই হয়তো বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগেই প্রায় এক কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় আইনি জটিলতা প্রযোজকদের জন্য বড় আর্থিক দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

    মামলাটি সুপ্রিম কোর্ট ঘুরে আবার মাদ্রাজ হাইকোর্টে ফিরে আসে। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় স্থগিত রেখেছিল, যা সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু হয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—বিজয় থালাপতির এই শেষ সিনেমাটি আদৌ দর্শকের সামনে আসবে, নাকি আইনি লড়াইয়েই আটকে থাকবে?

  • কর পরিশোধে নতুন রেকর্ড! কোদাগু জেলার সর্বোচ্চ করদাতা দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা

    কর পরিশোধে নতুন রেকর্ড! কোদাগু জেলার সর্বোচ্চ করদাতা দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা

    এবিএনএ: নতুন বছরের শুরুতেই দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রাশমিকা মান্দানা। ২০২৬ সালের শুরুতেই তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর পরিশোধ করেছেন। এর ফলে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

    যদিও কাজের সূত্রে রাশমিকা বর্তমানে মুম্বাই ও হায়দরাবাদে বেশি সময় কাটান, তবে তার স্থায়ী ঠিকানা ও শিকড় রয়ে গেছে কর্নাটকের কোদাগু জেলাতেই। সেখান থেকেই নিয়মিত কর পরিশোধ করে আসছেন তিনি।

    সিনেমায় সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাশমিকার আয় ও সম্পদের পরিমাণ। বিলাসবহুল জীবনযাপনের অংশ হিসেবে তার সংগ্রহে রয়েছে একাধিক দামি গাড়ি—মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ৩ ও রেঞ্জ রোভার তার উল্লেখযোগ্য সংযোজন।

    রিয়েল এস্টেট খাতেও বিনিয়োগে পিছিয়ে নেই এই তারকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি অভিজাত বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার বিলাসবহুল আবাসন।

    বিভিন্ন সূত্রের তথ্যমতে, বর্তমানে রাশমিকা মান্দানার মোট সম্পদের পরিমাণ ৪৫ কোটি রুপিরও বেশি। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি। জানা গেছে, এখন প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপির কাছাকাছি।

    দায়িত্বশীল করদাতা ও সফল অভিনেত্রী—দুই পরিচয়েই ২০২৬ সালের শুরুটা রাশমিকার জন্য হয়ে উঠেছে স্মরণীয়।

  • ভক্তদের উন্মাদনায় অস্বস্তিকর মুহূর্ত: চেন্নাই বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়

    ভক্তদের উন্মাদনায় অস্বস্তিকর মুহূর্ত: চেন্নাই বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়

    এবিএনএ: প্রিয় তারকাকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা অনেক সময় আনন্দের বদলে বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

    ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাইয়ে ফেরেন এই সুপারস্টার। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বিজয়ের আগমনের খবর পেয়ে আগে থেকেই চেন্নাই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত।

    টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন অভিনেতা। একপর্যায়ে উন্মত্ত ভিড়ে তার পোশাক ধরে টানাটানি শুরু হয় এবং ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার।

    দেহরক্ষীদের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন বিজয়। তবে ঘটনাটি তারকা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    শুধু বিজয়ই নন, সম্প্রতি অভিনেত্রী নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও ভক্তদের অতিরিক্ত উন্মাদনার কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অভিনয় জীবনকে বিদায় জানিয়েছেন থালাপতি বিজয়। সে হিসেবে ‘জন নায়াগান’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া আরও রয়েছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজু। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

  • রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন, ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের আয়োজন!

    রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন, ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের আয়োজন!

    এবিএনএ:  দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, এবং শুধুমাত্র খুব কাছের মানুষদেরই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখনো পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনেননি।

    বিনোদন মহলের ধারণা, আগামী বছরের ফেব্রুয়ারিতে (২০২৬) এই জনপ্রিয় তারকা জুটির রাজকীয় বিয়ের আয়োজন হতে পারে। তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজন হবে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আঙ্গিকে।

    সম্প্রতি রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ঐতিহ্যবাহী পোশাকে tilak দেওয়া অবস্থায় দেখা দেন। ক্যাপশনে লেখেন, “হ্যাপি দশেরা মাই লাভস… এ বছর আমি কৃতজ্ঞ ‘থাম্মা’ ট্রেলার আর গান নিয়ে আপনাদের ভালোবাসার জন্য।” তাঁর এই পোস্টের পর থেকেই ভক্তরা ধারণা করতে থাকেন, অভিনেত্রী হয়তো ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

    রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন কিন্তু নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল ইন্ডাস্ট্রিতে।

    পেশাগতভাবে রাশমিকা বর্তমানে ব্যস্ত ‘থাম্মা’ নামের একটি হরর–কমেডি চলচ্চিত্রে, যেখানে তাঁর সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ। অন্যদিকে, বিজয়কে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় নির্মিত স্পাই–অ্যাকশন থ্রিলার ‘কিংডম’-এ।

  • রাশমিকার আঙুলে নতুন আংটি! বাগদানের জল্পনায় ফের আলোচনায় রাশমিকা-বিজয়

    রাশমিকার আঙুলে নতুন আংটি! বাগদানের জল্পনায় ফের আলোচনায় রাশমিকা-বিজয়

    এবিএনএ: দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা ফের শিরোনামে। তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই কৌতূহল ছিল। যদিও তারা প্রকাশ্যে কখনো কিছু স্বীকার করেননি, তবুও একসঙ্গে ছুটি কাটানো কিংবা জনসমক্ষে ঘন ঘন উপস্থিতি বারবার জল্পনা তৈরি করেছে।

    সাম্প্রতিক সময়ে দুবাই বিমানবন্দরে রাশমিকাকে দেখা যায় সাদা শার্ট, নীল জিনস আর কালো সানগ্লাসে। তবে সবার দৃষ্টি কাড়ে তার আঙুলের নতুন আংটি। অনেকেই ধরে নিয়েছেন, এটি হয়তো বাগদানের আংটি। তবে একই দিনে সন্ধ্যায় এক ইভেন্টে যোগ দেওয়ার সময় রাশমিকার হাতে সেই আংটি আর দেখা যায়নি। এ কারণে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

    এর আগে নিউ ইয়র্কে ভারতের স্বাধীনতা দিবসের আয়োজনে বিজয় ও রাশমিকা একসঙ্গে অংশ নিয়েছিলেন। সেখানে তাদের হাত ধরাধরি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।

    বিজয় দেবরাকোন্ডা ইনস্টাগ্রামে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ভারতীয় পতাকা উত্তোলনের ভিডিও শেয়ার করে লেখেন, ‘অসাধারণ অভিজ্ঞতা!’ আর এই পোস্টের পর থেকেই ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে আরও উৎসাহী হয়ে ওঠেন।

    এদিকে শোনা যাচ্ছে, আসন্ন ‘ভিডি-১৪’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। এর আগে তারা ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন।

  • পুরোপুরি খলচরিত্রে ফিরছেন টাবু, বলিউড-দক্ষিণী মিলনমেলায় শুরু আলোচনার ঝড়

    পুরোপুরি খলচরিত্রে ফিরছেন টাবু, বলিউড-দক্ষিণী মিলনমেলায় শুরু আলোচনার ঝড়

    এবিএনএ: চলচ্চিত্রে চরিত্রাভিনয়ের ক্ষেত্রে বলিউডে যাঁর নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, তিনি টাবু। সংবেদনশীল অভিনয়, গভীর চরিত্র উপলব্ধি এবং রূপান্তরময় উপস্থিতির জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই টাবু ফিরছেন একেবারে নতুন এক ভয়ঙ্কর রূপে।

    দক্ষিণী জনপ্রিয় নির্মাতা পুরি জগন্নাথের আসন্ন এক অ্যাকশন-ড্রামা সিনেমায় টাবু রূপ নিচ্ছেন একজন নির্মম, কঠোর ও জটিল খলনায়িকার চরিত্রে। এই ছবিতেই প্রথমবারের মতো তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষ অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে। বিজয়ের অভিনয় দক্ষতা ও টাবুর অভিজ্ঞতা—এই দুই তারকার মুখোমুখি সংঘর্ষ নিয়েই সিনেমাপাড়ায় শুরু হয়েছে উত্তেজনা।

    ছবিটির নাম এখনো ঘোষণা করা না হলেও জানা গেছে, গল্প গড়ে উঠেছে নৈতিক সংঘাত ও প্রতিশোধের মোড়কে। চিত্রনাট্য রচনার কাজ চলমান এবং শুটিং শুরু হতে পারে এ বছরের শেষ দিকে।

    নির্মাতাদের দাবি, টাবুর বর্তমান চরিত্রটি তাঁর আগের নেতিবাচক চরিত্রগুলোর তুলনায় আরও বেশি গাঢ় ও মনস্তাত্ত্বিকভাবে গভীর। ‘মকবুল’, ‘হায়দার’ কিংবা ‘অন্ধাধুন’-এ ধূসর চরিত্রে তিনি যেভাবে দর্শকদের চমকে দিয়েছিলেন, এবারের ভূমিকা সেই সবকিছুকে ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

    চরিত্রে বাস্তবতা আনতে টাবু নিচ্ছেন মার্শাল আর্টসসহ নানা ধরনের ফিজিক্যাল ট্রেনিং। পাশাপাশি, চরিত্রের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের সহায়তাও নিচ্ছেন তিনি। নিজের চরিত্রে সম্পূর্ণরূপে ডুবে গিয়ে কাজ করছেন টাবু।

    অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির বহুল আলোচিত তৃতীয় ও শেষ কিস্তি—‘দৃশ্যম ৩’। সেখানে তাঁর চরিত্রে আরও বেশি দ্বন্দ্ব, ক্ষোভ ও সংকটের ছাপ থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।

    টাবু মানেই নির্ভরতা, টাবু মানেই অভিনয়ে অন্যরকম মাত্রা। আর এবার যখন তিনি পুরোপুরি খলচরিত্রে, তখন সিনেমাপ্রেমীদের কৌতূহল নতুন উচ্চতায় পৌঁছেছে। শুধু অপেক্ষা, টাবুকে বড় পর্দায় ভিন্ন রূপে দেখার।