Tag: ডাকসু নির্বাচন ২০২৫

  • ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: ভিপি প্রার্থীদের স্বচ্ছতার দাবি

    ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: ভিপি প্রার্থীদের স্বচ্ছতার দাবি

    এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা ধরনের অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন তিন ভিপি প্রার্থী। তাঁদের অভিযোগ— প্রশাসন বিষয়গুলো জানার পরও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।

    পরবর্তী সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, গত ৭ সেপ্টেম্বর গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। কিন্তু প্রশাসন এর সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

    তাঁরা আরও অভিযোগ করেন, ঘোষিত ভোট টার্নআউট বাস্তবতার সঙ্গে মিলছে না। এ কারণে ভোটারদের স্বাক্ষর তালিকা প্রকাশ করার জোর দাবি জানান প্রার্থীরা। উমামা ফাতেমা বলেন, “আগেও ভোটারের তালিকা প্রকাশ হয়েছে যেখানে শুধু স্বাক্ষর থাকে, ভোটের গোপনীয়তা ক্ষুণ্ণ হয় না। তাহলে এবার কেন তালিকা গোপন রাখা হচ্ছে?”

    বিশেষ করে সার্জেন্ট জহুরুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঘোষিত টার্নআউট বাস্তবে ভিন্ন ছিল বলে অভিযোগ করেন তিনি।

    আব্দুল কাদের বলেন, “ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যাওয়ার পরও প্রশাসনের নীরবতা সন্দেহজনক। ভোট কাস্টিং তালিকাও প্রকাশ করছে না তারা।”

    অন্যদিকে আবিদুল ইসলাম খান জানান, “নির্বাচনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই বিষয়গুলো উত্থাপন করেছি। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততা উদ্বেগ বাড়াচ্ছে।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, স্বতন্ত্র জিএস প্রার্থী আরাফাত চৌধুরী এবং এজিএস প্রার্থী শেখ তানভীর আল হাদী মায়েদসহ অন্যরা।

    তবে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে প্রক্টর সাইফুদ্দীন আহমেদও সাংবাদিকদের কাছে নীরব থাকেন।

  • ডাকসু নির্বাচন ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে পুলিশ-র‍্যাব-বিজিবি

    ডাকসু নির্বাচন ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে পুলিশ-র‍্যাব-বিজিবি

    এবিএনএ:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বিকেলে টিএসসি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

    তিনি বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। বর্তমানে ১ হাজার ৭৭১ জন পুলিশ মোতায়েন রয়েছে, আর ভোটের দিন সেই সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৯৬ জনে উন্নীত করা হবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবিও দায়িত্ব পালন করবে।

    ডিএমপি কমিশনার আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম, বিশেষায়িত টিম, সোয়াত টিম এবং সাদা পোশাকে ডিবির সদস্যরা সক্রিয় থাকবেন। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় থাকবে।

    তিনি সতর্ক করে বলেন, কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অনাকাঙ্ক্ষিত কেউ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দিতে হবে।

    এছাড়া যারা সাইবার আক্রমণের চেষ্টা করছে, তাদের শনাক্ত করার কাজও চলছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। তার মতে, সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।