Tag: চট্টগ্রাম

  • ভোট কেনাবেচা ঠেকাতে কড়া হুঁশিয়ারি: টাকা নিয়ে এলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

    ভোট কেনাবেচা ঠেকাতে কড়া হুঁশিয়ারি: টাকা নিয়ে এলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

    এবিএনএ: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা ও ঋণখেলাপিমুক্ত করতে জনগণকে সচেতন থাকতে হবে। ভোটের অধিকার রক্ষায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

    সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সমাজ ইতোমধ্যে জেগে উঠেছে—ডাকসু, চাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নির্বাচনে তার প্রতিফলন দেখা গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনতার রায়ের মধ্য দিয়েই দেশের জন্য নতুন পথ উন্মোচিত হবে।

    তিনি আরও বলেন, যারা গণতান্ত্রিক ধারাকে অস্বীকার করে, তাদেরকে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মধ্যে পরিবর্তনের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    ভোট কেনাবেচা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ যদি অর্থের বিনিময়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আগের দিনের অনিয়মের সংস্কৃতি আর চলবে না—এমন বার্তাও দেন তিনি।

    নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে সক্রিয় থাকতে হবে। দীর্ঘ সময়ের রাজনৈতিক বঞ্চনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, স্বল্প সময়ে কিছু গোষ্ঠী দুর্নীতির পথে গেছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে সেই অপচেষ্টা ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি।

    চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।

  • ২১ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডের সমাবেশ ঘিরে কঠোর বিধিনিষেধ সিএমপির

    ২১ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডের সমাবেশ ঘিরে কঠোর বিধিনিষেধ সিএমপির

    এবিএনএ: দীর্ঘ বিরতির পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে নগর এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী প্রতীক, ব্যানার বা প্ল্যাকার্ড প্রদর্শনও করা যাবে না।

    পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার আওতায় এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ অনুসারে অননুমোদিত ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্রে জানা গেছে, তিনি একদিন আগেই চট্টগ্রামে পৌঁছাবেন।

    সবশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে এসে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তার এই আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

  • জঙ্গল সলিমপুরে রক্তাক্ত অভিযান: র‍্যাব কর্মকর্তা নিহত হলেও দুদিনে নেই মামলা, গ্রেপ্তার শূন্য

    জঙ্গল সলিমপুরে রক্তাক্ত অভিযান: র‍্যাব কর্মকর্তা নিহত হলেও দুদিনে নেই মামলা, গ্রেপ্তার শূন্য

    এবিএনএ: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে পুলিশ কাউকে গ্রেপ্তার করতেও পারেনি।

    বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা-পুলিশ।

    পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানে অংশ নেয় র‍্যাবের একটি দল। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা র‍্যাব সদস্যদের অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করে এবং জিম্মি করে রাখে।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

    স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা পাহাড় দখল, অবৈধ বসতি ও সরকারি খাসজমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। হাজার কোটি টাকার জমির আধিপত্য নিয়ে সেখানে বিভিন্ন প্রভাবশালী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা।

    সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে বিএনপির একটি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ইয়াসিন ও রুকন নামের দুটি প্রভাবশালী গ্রুপের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই বিরোধের জেরেই অভিযানের সময় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

  • জঙ্গল সলিমপুরে ভয়াবহ অভিযান: হামলায় প্রাণ গেল র‍্যাব কর্মকর্তার, থমথমে চট্টগ্রাম

    জঙ্গল সলিমপুরে ভয়াবহ অভিযান: হামলায় প্রাণ গেল র‍্যাব কর্মকর্তার, থমথমে চট্টগ্রাম

    এবিএনএ: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়েছে র‍্যাব। এ ঘটনায় মো. তওহীদ নামে চট্টগ্রাম র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি র‍্যাবের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিজিবি থেকে ডেপুটেশনে র‍্যাবে কর্মরত ছিলেন।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। অভিযানের সময় সন্ত্রাসীদের হাতে র‍্যাবের একাধিক কর্মকর্তা ও সদস্য গুরুতর আহত হন। আহত চারজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয় এবং পুরো জঙ্গল সলিমপুর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা ব্যাটালিয়নের একটি র‍্যাব দল আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে জঙ্গল সলিমপুরে অভিযান শুরু করে। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে মারধর ও হামলা চালায়। পরে যৌথ বাহিনীর সহায়তায় জিম্মি অবস্থায় থাকা সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

    জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা নতুন নয়। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব এমনকি গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

    প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর ধরে সলিমপুর ইউনিয়নের এই পাহাড়ি এলাকায় সরকারি খাস জমি দখল করে হাজার হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকা বর্তমানে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

    লিংক রোডসংলগ্ন এই অঞ্চলের প্রতি শতক জমির বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা হওয়ায় দখলকৃত জমির মোট মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই এলাকায় দীর্ঘদিন ধরে সহিংসতা, খুন ও আধিপত্য বিস্তারের লড়াই চলমান।

    রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর থেকে এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে গোলাগুলি, হত্যাকাণ্ড ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এলাকাটির ভৌগোলিক অবস্থান এমন যে অভিযানের খবর আগেই সন্ত্রাসীদের কাছে পৌঁছে যায়। পাহাড়ের চূড়া থেকে গুলি ও ককটেল নিক্ষেপ করে তারা অভিযান প্রতিহত করে।

    উল্লেখ্য, জঙ্গল সলিমপুরের সরকারি জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও দীর্ঘদিন ধরে জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্পই বাস্তবায়ন সম্ভব হয়নি।

  • চাঁদাবাজি করলে বিএনপিতে ঠাঁই নেই : আমির খসরু

    চাঁদাবাজি করলে বিএনপিতে ঠাঁই নেই : আমির খসরু

    এবিএনএ: বিএনপি কোনো ধরনের সংঘর্ষ বা সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির রাজনীতি শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যারা চাঁদাবাজি কিংবা মাস্তানির সঙ্গে জড়িত, তাদের এখনই দল ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

    বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ নম্বর ওয়ার্ড (উত্তর পতেঙ্গা) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু।

    দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের জন্য আপসহীন সংগ্রাম করেছেন। বিভিন্ন সময় রাজনৈতিক চাপ সত্ত্বেও তিনি কখনো নীতিগত প্রশ্নে আপস করেননি।

    দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়ে গেছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করে উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

    তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অর্থপাচার কিংবা বড় প্রকল্পের নামে দুর্নীতির রাজনীতি হবে না। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে দলটি।

    চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলের ভেতরে এসব অপকর্মের কোনো জায়গা নেই। কেউ যদি এসব কাজে জড়িত থাকে, তাহলে সময় থাকতে শুধরে যেতে হবে; নচেৎ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের লোক দল ছাড়লেও বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনী সাফল্যে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

    সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ভোটার স্বাক্ষরের গরমিলেই বড় ধাক্কা: চট্টগ্রাম ও ফেনীতে বাতিল ৫৩ প্রার্থীর মনোনয়ন

    ভোটার স্বাক্ষরের গরমিলেই বড় ধাক্কা: চট্টগ্রাম ও ফেনীতে বাতিল ৫৩ প্রার্থীর মনোনয়ন

    এবিএনএ: চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীই রয়েছেন ২২ জন। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থন তালিকায় গরমিল পাওয়ায় এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চার দিনব্যাপী যাচাই শেষে ৪১ জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে ১৬ জন স্বতন্ত্র প্রার্থী। কয়েকটি আসনে ভোটার তালিকার তথ্য মিল না পাওয়া ছাড়াও ঋণখেলাপি ও দলীয় মনোনয়নসংক্রান্ত জটিলতার কারণেও প্রার্থিতা বাতিল হয়েছে।

    চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলার মনোনয়ন বাতিল হয় ঋণখেলাপি হওয়ায়। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১ শতাংশ ভোটারের তথ্য যাচাইয়ে অসংগতি ধরা পড়ায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই কারণে চট্টগ্রামের একাধিক আসনে আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা হারান।

    এ ছাড়া দলীয় মনোনয়ন ছাড়াই প্রার্থী হওয়া এবং প্রস্তাবকের স্বাক্ষরসংক্রান্ত অনিয়মের অভিযোগে চট্টগ্রাম-১৩ আসনের আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়। কয়েকটি আসনে দলীয় মনোনয়ন না থাকায় এবং ভোটার স্বাক্ষরের সত্যতা প্রমাণিত না হওয়ায় আরও একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

    চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে এবং ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে।

    ফেনী জেলার তিনটি আসনেও একই ধরনের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে আয়কর নথি দাখিল না করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংক্রান্ত গরমিল প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

    ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের তত্ত্বাবধানে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম মেনে আপিল করলে বাতিল হওয়া প্রার্থীদের বিষয় পুনরায় বিবেচনা করা হবে।

  • হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে অবরোধ

    হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে অবরোধ

    এবিএনএ,চট্টগ্রাম: শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা।

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর সংগঠনটির কয়েকশ নেতা-কর্মী সেতুর মুখে অবস্থান নেন। পরে ধীরে ধীরে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। শুরুর দিকে সেতুর মুখে সড়কের এক পাশে অবস্থান নিলেও পরে উভয় পাশে অবস্থান নেন তারা। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান,ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

  • চোর সন্দেহে পিটিয়ে হত্যা, চট্টগ্রামে পলাতক আসামি গ্রেপ্তার​ 

    চোর সন্দেহে পিটিয়ে হত্যা, চট্টগ্রামে পলাতক আসামি গ্রেপ্তার​ 

    এবিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে হালিশহর থানার আলোচিত চোর সন্দেহে মোহাম্মদ ইসমাঈলকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি প্রান্ত দাশকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৪ ডিসেম্বর) নগরের সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি প্রান্ত দাশের বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকায়। তার বাবার নাম রণ দাশ। ​

    র‌্যাব জানায় নিহত মোহাম্মদ ইসমাঈল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। জীবিকার তাগিদে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর হালিশহর এলাকায় বসবাস করতেন। গত ২২ অক্টোবর ভোর আনুমানিক চারটার দিকে মোহাম্মদ ইসমাঈল হালিশহর থানার বারুনীঘাট এলাকার ‘মা কর্পোরেশন’ নামীয় একটি বেকু গ্যারেজ এলাকায় গেলে সেখানে অবস্থানরত প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে।

    এরপর তাকে গ্যারেজের ভেতরে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে ইসমাঈল গুরুতর আহত হন।​ পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে পরিবারের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর মোহাম্মদ ইসমাঈলের মৃত্যু হয়।

    এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কাঞ্চন বাদী হয়ে হালিশহর থানায় পাঁচজন এজাহারনামীয় ও একজন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হালিশহর থানার ইসমাঈল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি প্রান্ত দাশ নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

    চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

    এবিএনএ,চট্টগ্রাম ​: চট্টগ্রামে সাম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)- চট্টগ্রাম এর কার্যক্রম।
    ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)–এর বরাতে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামে অবস্থিত আহমেদাবাদ হাই কমিশন ইন্ডিয়া (AHCI) সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত ঘটনার কারণে আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

    কর্তৃপক্ষ আরও জানায়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ সময় ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধারণ করার পাশাপাশি ভুয়া দালাল বা এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    ভিসা​ সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে ইউরোপসহ অনেক দেশের এমবেসী না-থাকায় বাংলাদেশীদের ইউরোপ যেতে এমবেসীতে সাক্ষাৎকার বা অন্যান্য কাজের জন্য বাধ্য হয়ে ভারত যেতে ভিসা দরকার হয়। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিকট জরুরি ভিত্তিতে ইউরোপসহ অন্যান্য দেশের এমবেসী বা কনসোলেট অফিস স্থাপনের​ জোর দাবী জানান। যাতে দেশের লোকেরা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠায়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারে।​

  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

    এবিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে। বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় পৌঁছার পর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। নির্বাচনী আচরণবিধি, ২০২৫ এর ২৭ ধারায় সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়েছে বলে জানান মং এছেন।

    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে এ জরিমানা করা হয়েছে। ওই উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ আদেশ দেন। গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি নাজমুল মোস্তফা আমিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। নবাগত প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো নির্বাচনের মাঠে এসেছেন।

    সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘তিনি (নাজমুল মোস্তফা আমিন) চট্টগ্রাম থেকে সাতকানিয়া উপজেলা হয়ে লোহাগাড়ায় বটতলী স্টেশন এলাকায় আমাদের উপজেলার সীমানায় পৌঁছার পর আমরা গাড়িবহরের গতিরোধ করি। তিনি নিজে একটি জিপে দাঁড়ানো অবস্থায় ছিলেন। শ’খানেক মোটর সাইকেল, জিপ, প্রাইভেট কারসহ আরও গাড়ি সামনে-পেছনে ছিল। তফসিল ঘোষণার পর এ ধরনের মোটর শোভাযাত্রা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। জরিমানার পাশাপাশি তাকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি অবশ্য গাড়িবহর নিয়ে আর অগ্রসর হননি। পরে তিনি একটা মাহফিলে চলে যান।’​

    নেতাকর্মীদের নিয়ে নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম শহর থেকে গাড়ির বহর নিয়ে দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তার গাড়ির বহর বটতলী মোটর ষ্টেশনের সিটিজের পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।​

    উক্ত আসনে​ প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালালে ও আচরণ বিধি লংঘন সংক্রান্ত তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম কোনো ব্যবস্থা নেওয়া হল।

    গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।