Tag: গ্রাহক সেবা

  • বিকাশে অভিযোগ জানানো এখন আরও সহজ: অ্যাপেই দেখা যাবে অভিযোগের অগ্রগতি

    বিকাশে অভিযোগ জানানো এখন আরও সহজ: অ্যাপেই দেখা যাবে অভিযোগের অগ্রগতি

    এবিএনএ: বিকাশ গ্রাহকদের জন্য সেবা সংক্রান্ত অভিযোগ জানানো ও তার অগ্রগতি জানার প্রক্রিয়া আরও সহজ করেছে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠানটি। এখন থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করেই গ্রাহকরা বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ দাখিল করতে পারবেন এবং সেই অভিযোগের সর্বশেষ অবস্থা নিজেই পর্যবেক্ষণ করতে পারবেন।

    এই সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট (e-CMS)’ নামের নতুন একটি ফিচার। এর মাধ্যমে বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ কিংবা বিল পরিশোধসংক্রান্ত যেকোনো সমস্যার অভিযোগ কয়েকটি ধাপেই জানানো সম্ভব হবে।

    অভিযোগ দাখিলের পর গ্রাহককে আর আলাদা করে কল বা যোগাযোগের প্রয়োজন হবে না। অ্যাপের মধ্যেই অভিযোগের অগ্রগতি, আপডেট ও বর্তমান অবস্থা দেখা যাবে। ফলে পুরো প্রক্রিয়াটি হয়েছে আরও স্বচ্ছ, দ্রুত ও স্বয়ংক্রিয়।

    অভিযোগ জানাতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘গ্রাহক সেবা’ অপশনে গিয়ে ‘কমপ্লেইন্ট’ নির্বাচন করতে হবে। এরপর নির্দিষ্ট সেবার ধরন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই অভিযোগ জমা সম্পন্ন হবে। আগে করা অভিযোগগুলোর অগ্রগতি জানতে ‘পূর্ববর্তী অভিযোগ দেখুন’ অপশনে ট্যাপ করলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

    এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং কেবল নিজের লেনদেনসংক্রান্ত সমস্যাই এখানে জানানো যাবে। গ্রাহকের সময় সাশ্রয় এবং দ্রুত সমাধান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

    এদিকে নতুন এই সুবিধার পাশাপাশি আগের মতোই লাইভ চ্যাট, ১৬২৪৭ নম্বরে কল এবং বিকাশ গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ বহাল থাকবে।