Tag: গণঅধিকার পরিষদ

  • বিজয়নগরে উত্তেজনা: জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সংঘর্ষ

    বিজয়নগরে উত্তেজনা: জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সংঘর্ষ

    এবিএনএ:  রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎই একদল লোক কার্যালয়ে হামলা চালিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেল পৌনে ৪টার দিকে গণঅধিকার পরিষদের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইলের দিকে অগ্রসর হতে থাকেন তারা। মিছিলটি জাপা কার্যালয়ের সামনে এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই সংঘর্ষ শুরু হয় উভয়পক্ষের মধ্যে। একপর্যায়ে বিক্ষোভকারীরা জাপা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

    এর আগে শনিবার বিকেলে জাপা একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবারও মশাল মিছিলের আড়ালে জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তখন সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সেনাবাহিনীর আরও সক্রিয় থাকা জরুরি।

    প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ জাপা নিষিদ্ধের দাবিতে মিছিল করলে জাপা কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। এরপরই তারা মশাল মিছিল বের করে জাপা অফিসের সামনে এসে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে হামলার সময় এক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এদিকে শনিবার রাতেও গণঅধিকার পরিষদ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ধাওয়া দিলে নুরুল হক নুরসহ শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

  • বিজয়নগরে গণঅধিকারকর্মীদের ওপর লাঠিচার্জ: নুর-রাশেদসহ আহত ৫০, উত্তেজনা ছড়িয়ে পড়ল রাজধানীতে

    বিজয়নগরে গণঅধিকারকর্মীদের ওপর লাঠিচার্জ: নুর-রাশেদসহ আহত ৫০, উত্তেজনা ছড়িয়ে পড়ল রাজধানীতে

    এবিএনএ:  রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার কর্মীদের সরাতে লাঠিচার্জ করেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

    শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় দুই দলের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছিলেন, কিন্তু গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের জন্য কার্যালয়ে আসার পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী নেতা-কর্মীদের সরানোর জন্য সময় বেঁধে দেয় এবং পরে লাঠিচার্জ শুরু হয়। রক্তাক্ত অবস্থায় নুরকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

    গণঅধিকার পরিষদের উচ্চপর্যায়ের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম, তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেছে’।

    বর্তমানে নুরুল হক নুর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। রাশেদ খানসহ আটজন আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে আছেন হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), পুলিশের পরিদর্শক আনিছুর রহমান (৪২), আবু বক্কর (৩০) ও তারেক আজাদ (২৫)।

    রাশেদ খান অভিযোগ করেন, “আমরা জাতীয় পার্টির কার্যালয়ে যাইনি। কিন্তু তারা এবং আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী হঠাৎ আমাদের মিছিলে হামলা চালায়। আমাদের কার্যালয়ের সামনে লাঠিপেটা করা হয়।”

    পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল থেকে মোট আটজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

    এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তাদের মিছিলের সময় জাপার নেতা-কর্মীরা উসকানি সৃষ্টি করেছে। জাপা দাবি করছে, মিছিলের সময়ে তাদের ওপর হামলা হয়েছে।

    গণঅধিকার পরিষদসহ কিছু রাজনৈতিক দলের অভিযোগ, সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। তারা দাবি করছেন, আওয়ামী লীগের পাশাপাশি জাপার কার্যক্রমও স্থগিত করা উচিত।

  • কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল

    কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল

    এবিএনএ:  রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষ শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণঅধিকার পরিষদের মিছিল আসার পর তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, জাপা কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীরাই প্রথমে ইটপাটকেল ছুড়ে উসকানি দেয়।

    ঘটনায় কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে অন্তত ১০-১৫ জন গণঅধিকার পরিষদের কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

    তিনি অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিল পল্টন জিরো পয়েন্ট থেকে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির অফিস থেকে ইটপাটকেল ছোড়া হয়। সেখানে শুধু জাপা নয়, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও উপস্থিত ছিল।”

    সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।”

    এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাতেই সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

    রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। অনেক সমালোচক বলছেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে জাপার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এবং এখনো আছে।