এবিএনএ: বলিউডের কিং শাহরুখ খান মানেই এক অন্য রকম উন্মাদনা। এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম ঘটেনি। ভক্তদের চমকে দিতে জন্মদিনেই প্রকাশ করলেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টিজার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে শাহরুখ-ঝড়।
ফেসবুকে টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন—
“Defamed in hundred countries.
The world gave only one name— KING.
It’s Showtime! In Cinemas 2026.”
বাংলায় অর্থ দাঁড়ায়—
“শত দেশে বদনাম আমার, তবু এক নামেই সবাই চেনে— ‘কিং’। সময় এসে গেছে, দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”
টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর কণ্ঠ, “কতটা খুন করেছি মনে নাই। আমি ভালো লোক না খারাপ লোক— কখনও ভাবিনি।” এই এক সংলাপনেই যেন ফিরে এলেন ‘ডন’, ‘রইস’ আর ‘জওয়ান’-এর সেই কিংবদন্তি শাহরুখ।
প্রথম লুকে শাহরুখকে দেখা গেছে একেবারে নতুন রূপে— সাদা চুল, ঘন দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তিনি যেন বয়স নয়, বরং সময়কেও জয় করেছেন। তার চোখে-মুখে যেন ফুটে উঠেছে এক ভয়ংকর অথচ রাজকীয় চরিত্রের ছাপ।
সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। জানা গেছে, ‘কিং’ হতে যাচ্ছে এক স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে থাকবে রহস্য, রোমাঞ্চ ও রাজকীয় অ্যাটিটিউডের মিশেল।
ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। অভিষেককে দেখা যাবে মূল ভিলেনের চরিত্রে, আর আরশাদ ওয়ারসি থাকছেন বিশেষ ভূমিকায়।
২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘কিং’-এর টিজার ইতিমধ্যেই ভক্তদের হৃদয় জয় করেছে। এক ভক্ত লিখেছেন, “এটা প্রত্যাবর্তন নয়, এটা রাজত্বের ঘোষণা!” আরেকজন লিখেছেন, “SRK isn’t just the king — he’s the empire!”
