Tag: আন্তোনিও গুতেরেস

  • সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: প্রধান উপদেষ্টাকে ফোন করে গভীর শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

    সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: প্রধান উপদেষ্টাকে ফোন করে গভীর শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

    এবিএনএ: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ উপলক্ষে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে ফোন করেন।

    রোববার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত ফোনালাপে গুতেরেস বলেন, এই দুঃখজনক ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। হামলার ভয়াবহতায় তিনি গভীর আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেন এবং নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

    জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান, যেন নিহত শান্তিরক্ষীদের পরিবারগুলোর কাছে তার গভীর সমবেদনা পৌঁছে দেওয়া হয়।

    ফোনালাপে ড. মুহম্মদ ইউনূস নিহত শান্তিরক্ষীদের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আহত সেনাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য আধুনিক ও উচ্চমানের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর এবং শহীদদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

    গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিক চিকিৎসা সুদানের একটি স্থানীয় হাসপাতালে দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। আহতদের চিকিৎসা ও নিরাপদ সরিয়ে নেওয়ার বিষয়ে তৎপরতা দেখানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

    এ সময় দুই নেতা গুতেরেসের সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার দিকে সুদানের আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক বেসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি স্থাপনায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন আহত হন।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহত ও আহত শান্তিরক্ষীদের নাম ও পরিচয় নিশ্চিত করেছে।

  • গাজায় পূর্ণমাত্রায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের, ইসরায়েল দিল প্রতিবাদ

    গাজায় পূর্ণমাত্রায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের, ইসরায়েল দিল প্রতিবাদ

    এবিএনএ:  গাজা উপত্যকায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সেখানে এখন পূর্ণমাত্রায় দুর্ভিক্ষ চলছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইসরায়েলের অবরোধ ও খাদ্য সহায়তা আটকে দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    আল জাজিরা ও এএফপি জানিয়েছে, গাজার সংকট নিয়ে জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানায়—শুধু গাজা সিটিতেই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে ৫ লাখেরও বেশি মানুষ ক্ষুধার জালে আটকা পড়েছেন।

    আইপিসি গাজাকে খাদ্য নিরাপত্তাহীনতার সর্বোচ্চ ধাপ ফেজ-৫ এ চিহ্নিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানায়, গাজার খাদ্য সংকট এখন জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

    জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেন, “যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা ব্যবহার করা যুদ্ধাপরাধ।” একইসঙ্গে জাতিসংঘের সহায়তা প্রধান টম ফ্লেচার অভিযোগ করেন, “এই দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য ছিল, কিন্তু ইসরায়েলের বাধার কারণে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।”

    এদিকে ইসরায়েল জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে, গাজায় দুর্ভিক্ষ নেই। তাদের মতে, হামাসের মিথ্যা তথ্যের ভিত্তিতে এসব রিপোর্ট তৈরি করা হয়েছে।

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে শান্তি প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন।

    প্রতিবেদন প্রকাশের সময় গাজায় চলছে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান। আক্রমণের তীব্রতায় হাজারো ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হচ্ছেন। ইতোমধ্যে অন্তত ১০ লাখ মানুষ নতুন করে আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন।