Tag: অমিত শাহ

  • দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮: আতঙ্কে রাজধানী

    দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮: আতঙ্কে রাজধানী

    এবিএনএ:  ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ (রবিবার) সন্ধ্যায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ঘটে যাওয়া এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

    চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় চারপাশের মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। বিস্ফোরণের মুহূর্তেই ধীরগতিতে চলা একটি গাড়ি মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায়। আশেপাশে পার্ক করা ২২টি গাড়িও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়।

    দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, বিস্ফোরণের সময় গাড়িটির ভেতরে যাত্রী ছিল এবং ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন দেহাংশ উদ্ধার করা হয়েছে। তাঁর ভাষায়, “এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ, যা সিগন্যালের কাছে হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বেড়ে গেছে।”

    বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানান, “আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে রাত ৭টা ২৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

    এ ঘটনায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) তদন্ত শুরু করেছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের কমিশনার ও এনআইএর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন এবং পুরো ঘটনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

    বিস্ফোরণের পর দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। উল্লেখ্য, আজ সকালেই দিল্লির কাছের ফরিদাবাদে প্রায় ২৯শ’ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। আগামীকাল বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণকে সামনে রেখে এই বিস্ফোরণকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ।

    মুঘল সম্রাট শাহজাহান নির্মিত ১৭ শতকের ঐতিহ্যবাহী লালকেল্লা প্রতিদিন হাজারো পর্যটকের গন্তব্যস্থল। এমন ঐতিহাসিক স্থানের কাছে এই বিস্ফোরণ ভারতের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

  • হিমাচলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, মৃত ৬৩ ছাড়ালো, নিখোঁজ বহু, জারি অরেঞ্জ অ্যালার্ট

    হিমাচলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, মৃত ৬৩ ছাড়ালো, নিখোঁজ বহু, জারি অরেঞ্জ অ্যালার্ট

    এবিএনএ: ভারতের হিমাচল প্রদেশে অব্যাহত ভারী বর্ষণে চরম বিপর্যয় নেমে এসেছে। পাহাড়ি এলাকা জুড়ে ধসে পড়েছে একাধিক গ্রাম, বহু জায়গায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে, নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

    ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) হিমাচলের মান্ডি, কাংড়া, চম্বা, শিমলা সহ পার্বত্য অঞ্চলে আগামী ৭ জুলাই পর্যন্ত ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। বিশেষভাবে মান্ডি জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের, নিখোঁজ অন্তত ৪০ জন। এছাড়া কাংড়ায় ১৩, চম্বায় ৬ ও শিমলায় ৫ জনের মৃত্যু হয়েছে।

    বাকি জেলাগুলোর মধ্যে বিলাসপুর, কুল্লু, কিন্নর, লাহৌল-স্পিতি, সিরমোর, সোলান, হামিরপুর ও উনাতেও প্রাণহানির খবর মিলেছে।

    প্রদেশজুড়ে আহতের সংখ্যা অন্তত ১০০ ছাড়িয়েছে। ধ্বসে পড়েছে শতাধিক ঘরবাড়ি, পানির তোড়ে ভেসে গেছে ১৪টি সেতু। প্রায় ৫০০টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে, যা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে বহু অঞ্চলকে।

    পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যেই হিমাচলের রাজ্য বিপর্যয় দপ্তর জানিয়েছে, প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

    সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, গুজরাট, হিমাচল, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং এনডিআরএফ-এর একাধিক দল ইতিমধ্যেই মোতায়েন রয়েছে।

    রাজ্য প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), পুলিশ ও সেনা যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত হিমাচলের মানুষদের জন্য এটি এক দীর্ঘ ও কঠিন লড়াই হয়ে উঠতে চলেছে।