ওয়েব সিরিজকে ঘিরে শাহরুখ-আরিয়ানের নামে মানহানির মামলা!

এবিএনএ: বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের নাম জড়িয়ে নতুন এক আইনি জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন তিনি।

মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ-গৌরীর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে।

সমীর ওয়াংখেড়ের দাবি, সিরিজটি তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নির্মিত হয়েছে। তিনি আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চান, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে আর কোনো কনটেন্ট তৈরি না হয়। পাশাপাশি তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন, যা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম পরিচালনাতেই শাহরুখপুত্রকে ঘিরে বড় বিতর্ক তৈরি হলো। সিরিজের এক দৃশ্যে দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও ভঙ্গিমায় মিল থাকায় দর্শকরা ওই চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন। এই দৃশ্যই মূল বিতর্কের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। টানা ২৫ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পরে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে অব্যাহতি মেলে তার। সেই আলোচিত ঘটনাই নতুনভাবে তুলে ধরা হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ, যা মুক্তির পরপরই তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *