১১ ডিসেম্বর স্কুল ভর্তির ডিজিটাল লটারি: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অপেক্ষা এখন ভাগ্যের

এবিএনএ: ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি এবারও অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ বছরের লটারি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশি জানায়, ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের মেয়াদ শেষ হওয়ার পর ১১ ডিসেম্বর স্বয়ংক্রিয় ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরাই তাদের পছন্দের স্কুলে ভর্তির সুযোগ পাবেন।

২০২৬ শিক্ষাবর্ষে দেশের মোট ৪ হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৬৮৮টি এবং বেসরকারি বিদ্যালয় ৩,৩৬০টি। এ বছর মোট শূন্য আসন রয়েছে ১১,৯৩,২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে ১,২১,০৩০টি এবং বেসরকারি স্কুলে ১০,৭২,২৫১টি আসন খালি রয়েছে।

২৫ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি আবেদন জমা পড়েছে। এছাড়া পছন্দক্রম দেওয়া হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি। অপরদিকে, বেসরকারি স্কুলের ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮,৭৬২ শিক্ষার্থী, যেখানে পছন্দক্রমের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৬২টি।

আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর মাউশি থেকে নতুন কোনো আপডেট জানানো না হলেও অভিভাবক ও শিক্ষার্থীরা এখন লটারির ফলাফলের অপেক্ষায়।

অনলাইন জনভর্তি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ ও আধুনিক ভর্তি প্রক্রিয়া নিশ্চিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *