এবিএনএ: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু মামলার রিভিশন শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে শুনানির তারিখ নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরী আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক নতুন দিন ঘোষণা করেন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ফলে আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিন আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। বাদীপক্ষের আইনজীবী মো. আবিদ হোসেন সময়ের আবেদন করলে তা আদালত মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌসুলী মোহাম্মদ হাবিবুর রহমান।
আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, “সালমান শাহ হত্যা মামলার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়ে রিভিশন করা হয়েছে। এই আবেদন করেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তবে অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না।”
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে অপমৃত্যুর মামলা করা হলেও পরবর্তীতে হত্যার অভিযোগে রূপান্তরের আবেদন করা হয়। পরে সিআইডি তদন্ত শেষে ১৯৯৭ সালের নভেম্বর মাসে প্রতিবেদন দেয় যে এটি আত্মহত্যা। তবে সেই প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সর্বশেষ ২০২২ সালের ১২ জুন মহানগর দায়রা জজ আদালত সালমান পরিবারের করা নতুন রিভিশন আবেদন গ্রহণ করেন। এরপর নানা কারণে শুনানি পিছিয়ে আসছে বারবার।

Leave a Reply