সাবিনা ইয়াসমিনের জীবনগাথা নিয়ে তিন ঘণ্টার তথ্যচিত্র ‘জুঁইফুল’

এবিএনএ:  বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিনকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ তথ্যচিত্র ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। তিন ঘণ্টা দীর্ঘ এ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে তাঁর জীবনের নানা অজানা অধ্যায়, সংগ্রাম, সাফল্য আর বাংলা গানের পথে দীর্ঘ পথচলার গল্প।

গত মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যচিত্রটির বিস্তারিত জানান এর নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নিজেও।

অনুষ্ঠানে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “তথ্যচিত্রের অংশ দেখে আমি বিস্মিত হয়েছি। সিরাজ ভাই এত সুন্দরভাবে এটি নির্মাণ করবেন, তা ভাবিনি। দর্শক-শ্রোতারা এই তথ্যচিত্রে নতুন এক সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাবেন।”

তথ্যচিত্রে সাবিনা ইয়াসমিনের শৈশব, কৈশোর, বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে সংগীতজীবনের নানা দিক উঠে এসেছে। কীভাবে দিলশাদ থেকে হয়ে উঠলেন বাংলা গানের এক অমর কণ্ঠ—তারই বিশদ বিবরণ মেলে এখানে।

শুধু তাঁর গান নয়, বরং গানে ঠোঁট মেলানো চলচ্চিত্রের অভিনেত্রীদের অভিজ্ঞতা, সুরকার ও শিল্পীদের স্মৃতি, শুটিংয়ের গল্প এবং শিল্পীসত্তার নানা দিকও তুলে ধরেছেন শাইখ সিরাজ।

এতে নতুন প্রজন্মের শিল্পী সোমনুর মনির কোনাল, সানিয়া সুলতানা লিজা, ইমরান মাহমুদুল, জানিতা সুলতানা ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের ১৫ হাজার গানের ভাণ্ডার থেকে নির্বাচিত ১২টি গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন প্রেক্ষাপট বর্ণনা করেছেন শিল্পী নিজেই।

নির্মাতা শাইখ সিরাজ জানান, “সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীত ক্যারিয়ারকে একটি তথ্যচিত্রে ধারণ করা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। তাঁর গাওয়া ১৫ হাজার গানের মধ্যে ১২টি বেছে নেওয়াই ছিল কঠিন কাজ। তবে প্রজন্মান্তরের শিল্পীদের সামনে তাঁকে নিয়ে গান গাওয়া ছিল এক অনন্য অভিজ্ঞতা। দর্শকরা তথ্যচিত্রে তাঁর জীবনের অনেক অজানা দিক জানতে পারবেন।”

বিশেষ এই তথ্যচিত্রটি প্রচারিত হবে আগামী ৫ সেপ্টেম্বর বেলা ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে, সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন উপলক্ষে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *