রেকর্ড পারিশ্রমিকে রাজামৌলীর মেগা সিনেমায় প্রত্যাবর্তন প্রিয়াঙ্কা চোপড়ার, বাজেটেই চমক ‘বারাণসী’

এবিএনএ:  বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ভারতীয় সিনেমার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। হলিউডের সিনেমা ও ওয়েব সিরিজে নিয়মিত কাজের মধ্যেও বলিউড ও ভারতীয় চলচ্চিত্রের প্রতি তাঁর টান বরাবরই স্পষ্ট। সেই আগ্রহেরই বড় প্রমাণ মিলল নতুন এক মেগা প্রকল্পে যুক্ত হওয়ার মধ্য দিয়ে।

বিশ্বখ্যাত নির্মাতা এস এস রাজামৌলীর পরবর্তী সিনেমা ‘বারাণসী’-তে অভিনয়ের জন্য রেকর্ড পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক

‘বারাণসী’ সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবুকে। যদিও মহেশ বাবু এই সিনেমার জন্য সরাসরি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। বরং সিনেমার মোট লভ্যাংশের ৪০ শতাংশ পাওয়ার শর্তে চুক্তি সম্পন্ন হয়েছে।

সবচেয়ে আলোচনার বিষয়, এই সিনেমার ঘোষিত বাজেট। জানা গেছে, প্রায় ১৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রকল্প হতে যাচ্ছে। সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন, যার পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা

নিজের নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, রাজামৌলীর সিনেমা মানেই শুধু বড় বাজেট নয়—গল্প, চরিত্র, দৃশ্যায়ন ও নির্মাণশৈলীর প্রতিটি স্তরে থাকে আলাদা মাত্রার চমক। পৌরাণিক আবহ, রাজকীয় পোশাক ও বিশাল ক্যানভাস মিলিয়ে দর্শকদের জন্য তিনি এক ভিন্ন জগৎ তৈরি করেন।

ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রিয়াঙ্কার ভাষ্য, দীর্ঘ বিরতির পর এমন একটি প্রজেক্টই তিনি খুঁজছিলেন, যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নির্মিত হবে এবং নতুন মানদণ্ড তৈরি করবে। তাঁর মতে, ‘বারাণসী’ ঠিক তেমনই একটি সিনেমা, যা মুক্তির আগেই দর্শকদের প্রত্যাশার পারদ চড়িয়ে দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *