মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আজ, চট্টগ্রামে অংশ নিচ্ছে ১২,৪০৭ জন
সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত


এবিএনএ,চট্টগ্রাম: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর)। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এবছর ভর্তি পরীক্ষায় বসবেন এক লক্ষ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে।এ বছর চট্টগ্রামের চার কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ৪ হাজার ৬৫৬ জন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ২ হাজার ৮০৯ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৪১৮ জন এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৫২৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বলা হয়েছে অনুযায়ী পরীক্ষার্থীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র,কালো কালির স্বচ্ছ বল পয়েন্ট কলম, এইচএসএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯টা ৩০ মিনিটে এ পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।
সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি, এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬, এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। অর্থাৎ যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন।




