জাতীয়

নির্বাচনের আগে ইসিতে অভিযোগের পাহাড়, অর্ধেকই কর্মকর্তাদের বিরুদ্ধে—জরিমানা আদায় ২৪ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনে ২ শতাধিক মামলা, মাঠপর্যায়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। কমিশনের সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত মোট ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে, যার প্রায় অর্ধেকই মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসি সূত্রে জানা যায়, জমা পড়া অভিযোগগুলোর মধ্যে ১৪৩টি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও কার্যক্রম নিয়ে। বাকি ২০১টি অভিযোগের বিষয়বস্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ অন্যান্য অনিয়ম সংক্রান্ত।

মো. সাইফুল ইসলাম জানান, চলতি বছরের ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মাঠে দায়িত্ব পালনরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২১২টি মামলা দায়ের করেছেন। এসব মামলার মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

এ ছাড়া ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫টি মামলার সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এসব মামলায় আরও ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠপর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button