এবিএনএ: রাতভর টানা অবরোধের পর শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল শুরু করে এবং মহাসড়কে স্বাভাবিকতা ফেরার আভাস মিলছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে নারায়ণগঞ্জের শনি আখড়া ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা সরে দাঁড়ালে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেনেই যান চলাচল পুনরায় শুরু হয়।
রাতভর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। ভোরের পর যান চলাচল শুরু হলেও অতিরিক্ত চাপ থাকায় গাড়িগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে।
ট্রাফিক পুলিশ সকাল থেকেই যানজট নিরসনে কাজ শুরু করেছে। বাস, ট্রাক ও পণ্যবাহী যানগুলোকে পর্যায়ক্রমে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকার মোড়গুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
দীর্ঘ সময় সড়কে আটকে থাকার পর অবরোধ প্রত্যাহারের খবরে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে রাতভর দুর্ভোগের স্মৃতি এখনো কাটেনি। অনেক যাত্রী জানান, যানবাহনের ভেতরেই তাদের পুরো রাত কাটাতে হয়েছে।
চট্টগ্রামগামী যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভোরে অবরোধ উঠে যাওয়ার খবর পেয়ে স্বস্তি পেয়েছি। কিন্তু সারারাতের ভোগান্তি সহজে ভুলে যাওয়ার মতো নয়।”
এ বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply