Category: লিড নিউজ

  • শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

    শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

    এবিএনএ : বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়ে অবরোধকারী নার্সদের লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাতজন নার্স আহত হন।

    বুধবার বেলা দুইটার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

    আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- আসমা আক্তার (২৫), মুকুল (২৬), ইমরান (২৫), অম্বিকা (২৫), আবদুল লতিফ (২৭), সাইফুল ইসলাম (২৯) ও সালাউদ্দিন (২৮)।

    ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)।

    অবরোধের সময় নার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কমর্সূচি চলবে। পাশাপাশি আমরণ অনশন করার হুঁশিয়ারিও দেন তারা।
    অবরোধের কারণে শাহবাগ মোড় সন্নিহিত সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, জনদুর্ভোগ ও যানজটের কথা বিবেচনা করে প্রথমে অবরোধকারীদের সড়ক থেকে সরার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে পুলিশ ‘অ্যাকশনে’ যায়।

    পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পর শাহবাগ এলাকায় আবার যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজটের প্রভাবে বর্তমানে থেমে থেমে যানবাহন চলছে।

    বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

    গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নসংক্রান্ত বৈঠক হয়। কিন্তু এর দুই দিন পর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে ২০১৫ সালে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের ডাক দেন বেকার নার্সরা। এরই ধারাবাহিকতায় বুধবার অবরোধ কর্মসূচি করেন তারা।

  • অটিজম সচেতনতার সেমিনার জাতিসংঘে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

    অটিজম সচেতনতার সেমিনার জাতিসংঘে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

    এবিএনএ : বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন।

    আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় জাতিসংঘের সদরদপ্তরে অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান। তিনি বলেন, দিনব্যাপী এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ছাড়াও সায়মা ওয়াজেদ হোসেন সকাল ১১টায় বৈষম্য দূরীকরণ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

    সেমিনারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, জাতিসংঘ কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন। এতে মিসেস বান কি-মুনও অংশ নেবেন। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে। পুরো অনুষ্ঠানই জাতিসংঘের UN WEB TV সরাসরি সম্প্রচার করবে।

  • মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

    মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

    এবিএনএ : মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইওভারের ডব্লিউ-ফোর নামের অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রকল্প পরিচালক নাজমুল আলম জানান, নির্মাণাধীন মগবাজার-মৌচাক পুরো ফ্লাইওভার তিন ধাপে চালু হওয়ার কথা রয়েছে।
    প্রথম ধাপে আজ ফ্লাইওভারটির হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ২.১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।

    মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। এরপর কয়েকদফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ ব্যয়ও ৩৪৩ কোটি টাকা থেকে বেড়ে দাড়ায় ১২শ কোটি টাকা।

  • ‘ফখরুলকে ফুল দেওয়ার সুযোগও দিল না সরকার’

    ‘ফখরুলকে ফুল দেওয়ার সুযোগও দিল না সরকার’

    এবিএনএ : বিএনপির মহাসচিব হওয়ার ঘণ্টা পার হতে না হতেই আদালতের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। দলের সদ্য মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এই নিন্দা প্রকাশ করেন।

    রিজভী এ সময় বলেন, মিথ্যা মামলায় মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগেই তাঁকে দলের মহাসচিব বানানো হয়েছে। নেতা-কর্মীরা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য। তাঁকে ফুল দেওয়ার সুযোগও দিল না সরকার। তাঁর দাবি, মির্জা ফখরুলকে মহাসচিব ঘোষণা করার পর রাজনৈতিক গতিধারা কোন দিকে যায়, সে জন্যই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

    আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব মনোনীত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

    মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। আজ তাঁকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
    এদিকে দুপুরের দিকে রাজধানীর পল্টন থানায় করা নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী। মির্জা ফখরুল আজ আদালতে আত্মসমর্পণ করে পল্টন থানার পৃথক তিন মামলায় জামিনের আবেদন করেন। আদালত একটি মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন এবং বাকি দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২০১৫ সালের শুরুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ওই বছরের ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি জামিনে মুক্তি পান। গত বছরের নভেম্বরে পল্টন থানার তিন মামলায় তিনি জামিন চাইলে হাইকোর্ট তাঁকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। এ ব্যাপারে আপিল বিভাগে আবেদন করা হলে আপিল বিভাগ তাঁর জামিন ১৫ দিন বাড়িয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। আজ তিনি আদালতে যান এবং আদালত তাঁকে এ নির্দেশ দেন।

    মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশের খবর নয়াপল্টনে পৌঁছালে রিজভীর নেতৃত্বে বিএনপির কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একটি মিছিল গিয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ব্রিফিং করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানানো হয়।

  • ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

    ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

    এবিএনএ : সাতক্ষীরায় ভোটে অনিয়মের ঘটনায় অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাতক্ষীরা জেলার এএসপি ও পাঁচ থানার ওসিকে নিয়ে অনুষ্ঠিত শুনানিতে এই নির্দেশনা দেয়া হয়।

    নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরা জেলার ভোট অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ঢাকায় তলব করে নির্বাচন কমিশন। এই ঘটনায় কমিশনের সামনে পুলিশ সদস্যরা দুঃখ প্রকাশ করেন এবং দায়িত্ব অবহেলার জন্য পুলিশ কর্মকর্তাদের ভর্ৎসনা করে কমিশন।

  • যে দুটি কথা ভুলে গেলে বদলে যাবে আপনার জীবন

    যে দুটি কথা ভুলে গেলে বদলে যাবে আপনার জীবন

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের এক গবেষক জানিয়েছেন, দুটি কথা ভুলে যাওয়া বা পরিবর্তন করলেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করা সম্ভব।
    বিবিসি তথ্য সূত্র থেকে জানা যায়, গবেষক বার্নার্ড রথ বলেন, মানুষের অনেক স্বভাবই আছে যার পরিবর্তন মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে। কিছু কথা আছে যার পরিবর্তনও দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক থেকে ইতিবাচক করতে পারে। তাঁর কাছে সহজতম দুটি কথা হলো ‘কিন্তু’ (But) বা ‘করতে হবে’ (have to)। এই দুটি কথা ভুলে যেতে হবে অথবা এর পরিবর্তে অন্য কথা ব্যবহার করা যায়।
    ‘করতে হবে’র বদলে ‘করতে চাই’

    আমাকে গণিতে পাস করতে হবে, এ জন্য প্রয়োজন নিয়মিত গণিত ক্লাস। এই বাক্যটি যদি বলা হয় আমি গণিতে পাস করতে চাই, এ জন্য প্রয়োজন নিয়মিত গণিত ক্লাস। বাক্য দুটির মধ্যে অন্তর্গত অর্থ বদলে দিয়েছে ‘করতে হবে’ আর ‘করতে চাই’।
    করতে হবে বলার মধ্যে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব পাচ্ছে না। কিন্তু যখন বলা হচ্ছে করতে চাই, তখন দৃঢ় ইচ্ছার কথা প্রকাশ পাচ্ছে।
    ‘কিন্তু’র বদলে ‘এবং’

    আমি সিনেমা দেখতে চাই কিন্তু আমার কাজ আছে। এর মানে দাঁড়াল সিনেমা দেখতে চাইলেও অজুহাত হিসেবে আছে কাজ। কিন্তু একই বাক্যটি যদি এভাবে বলা হয়। আমি সিনেমা দেখতে চাই এবং আমার কাজ আছে। এর মানেটা দাঁড়ায় দুটি কাজই আমি করতে চাই।
    গবেষক বার্নার্ড রথের মতে, কিন্তু বললে দুটি কাজের মধ্যে সংঘর্ষ বোঝায়। অপরদিকে ‘এবং’ বললে দুটি কাজই সম্ভব বোঝায়, শুধু সমাধান বের করতে হবে।

  • নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনকে স্মরণ

    নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনকে স্মরণ

    ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী প্রয়াত মাহবুবুল হায়দার মোহনকে স্মরণ করা হয়েছে।

    রোববার (২৭ মার্চ) নিউইর্য়কের প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি কর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২৩ মার্চ মাহবুবুল হায়দার মোহনের চতুর্থ প্রয়ান দিবস উপলক্ষে স্থানীয় মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রতিবছর এখন থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের প্রয়াণ দিবসে ‘মোহন মেলা’ আয়োজনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্র থেকে বাংলায় প্রচারিত সবচেয়ে পুরাতন ও খ্যাতনামা বাংলা টিভি নিউইয়র্ক’র সিইও মীর শিবলী।

    .

    এ সময় উপস্থিত প্রবাসী বিশিষ্টজনেরা ‘মোহন মেলা’ আয়োজনের বিষয়টিকে তাৎক্ষণিক সমর্থন দিয়ে সার্বিক সহযোগিতার কথাও ব্যক্ত করেন।

    মেলার পাশাপাশি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং গণসংগীত উৎসব আয়োজনের প্রস্তাব আনা হয়।

    শিল্পী মোহনের স্মৃতিতে বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথাও ঘোষণা করা হয়।

  • সন্তান হত্যা জাতির জন্য অভিশাপ

    সন্তান হত্যা জাতির জন্য অভিশাপ

    সন্তান মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পরম ভালোবাসার ধন। সন্তানের মুখের হাসি স্বপ্ন দেখায় নতুন জীবনের, তার গায়ের গন্ধ জীবনে আনে কর্মোদ্যমতা। অন্যদিকে সন্তান পৃথিবীর সব নিরাশার মাঝে আশ্রয় খোঁজে পিতা-মাতার বুকে। তাদের বুকে মাথাগুজে নির্ভার হয় সে। ভালোবাসা ও মমতার শক্ত এ ভিতের ওপর টিকে আছে মানবজাতি, দাঁড়িয়ে আছে মানবসভ্যতা। মমতার গভীর এ মেলবন্ধন না থাকলে অন্যান্য জীবগোষ্ঠির মতো হয়তো মনুষ্য জাতি এতোদিন পৃথিবী থেকে হারিয়ে যেতো।

    আল্লাহতায়ালা পবিত্র কোরআনে একজন মমতাময়ী মা ও তার কাছে সন্তানের আশ্রয় প্রদানের বর্ণনা দিয়ে বলেছেন- ‘এবং মুসার মায়ের অন্তর অস্থির হয়ে উঠলো। যদি তার অন্তর সুদৃঢ় না করতাম তবে সে অস্থিরতা প্রকাশের উপক্রম হয়েছিলো। আর আমি তা করেছিলাম যেনো সে মুমিনদের অর্ন্তভুক্ত থাকে। … অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না করে। এবং জানতে পারে আল্লাহর অঙ্গীকার সত্য। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’ -সূরা কাসাস : ১০ ও ১৩

    কিন্তু দুর্ভাগ্য স্নেহ ও মমতার পবিত্র বন্ধনে যেনো ছেদ পড়তে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে আপনজন মায়ের কাছেও সন্তানরা হয়ে উঠছে অনিরাপদ। মায়ের আঁচলে আশ্রয় নেওয়া সন্তানের নির্মম মৃত্যু হচ্ছে মায়ের হাতেই। কখনও কখনও সন্তানের হাতেও খুন হচ্ছে প্রিয় মা-বাবা। নিকট অতীতকালে দেশবাসী এমন কিছু খবর দেখেছে। যার মাত্রা দিন দিন বাড়ছে। ভ্রুণ হত্যা ও অবৈধ গর্ভপাতের কথা না হয় বাদই দিলাম।

    ক্রমবর্ধমান এ অপরাধ প্রবণতা সমাজের বিবেকবান শ্রেণীকে ভাবিয়ে তুলেছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় পিতা-মাতার কাছে যদি সন্তানের জীবন অনিরাপদ হয়ে যায়, তবে শিশুরা যাবে কোথায়? আর কেনোইবা এই নৈতিক ও মানবিক বিপর্যয় সৃষ্টি হলো আমাদের সমাজে?

    সমাজতাত্ত্বিকদের অভিমত হলো, বস্তুবাদী জীবনব্যবস্থার ভোগবাদী মানসিকতা, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে সৃষ্ট নৈতিক স্খলন, একক পরিবার ব্যবস্থার চাপ ও বিষন্নতা, সুশাসনের অভাব ও ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা, পারিবারিক ও সামাজিক অনুশাসনের অনুপস্থিতি; সর্বোপরি খোদাভীতি ও ধর্মীয় জীবন থেকে বিমুখতাই এ বিপর্যয়ের প্রধান কারণ।

  • কানের উদ্বোধনী ছবি উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’

    কানের উদ্বোধনী ছবি উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’

    কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের উদ্বোধনী ছবি নির্বাচিত হলো উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’। আগামী ১১ মে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে প্যালেস দ্যু ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগর বাইরে দেখানো হবে ছবিটি।

    ‘ক্যাফে সোসাইটি’র গল্প এক তরুণকে ঘিরে। ১৯৩০-এর দশকে চলচ্চিত্র শিল্পে কাজ করার আশায় হলিউডে পা রাখে সে। এরপর এক তরুণীর প্রেমে পড়ে। এই মেয়েটিও হলিউডের উঠতি তারকা।

    ছবিটিতে তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ ও ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছাড়াও আছেন ব্লেক লিভলি, পার্কার পসি ও স্টিভ ক্যারেল। ফ্রান্সে কান উৎসবের উদ্বোধনী দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

    এর আগে আরও দু’বার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান উৎসবের উদ্বোধন হয়েছিলো উডি অ্যালেনের ছবির মাধ্যমে। ২০০২ সালে ‘হলিউড এন্ডিং’ আর ২০১১ সালে ‘মিডনাইট ইন প্যারিস’ দেখানো হয় কানের প্রথম দিন।

    সব মিলিয়ে ১৪বার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে স্থান পেলো মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, লেখক ও কমেডিয়ান উডি অ্যালেনের ছবি। গতবার ছিলো ‘ইরেশনাল ম্যান’। তার এবারের ছবি ‘ক্যাফে সোসাইটি’র চিত্রগ্রহণ করেছেন ভিত্তোরিও স্তোরারো। ১৯৯১ সালের কান উৎসবে তিনি বিচারক প্যানেলে ছিলেন। তিনি অস্কার জিতেছেন মোট তিনবার। ছবিগুলো হলো ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ (১৯৮০), ওয়ারেন বেটির ‘রেডস’ (১৯৮২) ও বার্নার্ডো বার্তোলুচ্চির ‘দ্য লাস্ট এম্পারার’ (১৯৮৮)।

    ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১২ সালের কান উৎসবে লালগালিচায় পা মাড়িয়েছেন ‘অন দ্য রোড’ ছবির জন্য। এর দুই বছর পর ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ তাকে আবার নিয়ে আসে কানে। এ ছবির জন্য সিজার অ্যাওয়ার্ড জেতেন তিনি। অন্যদিকে জেসি আইজেনবার্গ অভিনীত ‘লাউডার দ্যান বোম্বস’ গত বছর কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পায়।

    এবারের কান উৎসব চলবে ২২ মে পর্যন্ত। প্রতিযোগিতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলীয় নির্মাতা জর্জ মিলার। আগামী ১৪ এপ্রিল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে। এরই মধ্যে জোডি ফস্টার পরিচালিত ‘মানি মনস্টারস’ (জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস) ও স্টিভেন স্পিলবার্গের ‘দ্য বিএফজি’ চূড়ান্ত হয়েছে কানে।

  • তনু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

    তনু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

    কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা এবার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

     

    মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেন আইজিপি।

    কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ।

    তিনি জানান, তনু হত্যাকাণ্ডের পর ২৬ মার্চ হত্যা মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। কিন্তু গত ৪ দিনে মামলার তেমন অগ্রগতি হয়নি। এখন আইজিপির নির্দেশে তনুর হত্যার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

    ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে কুমিল্লার ‘বিশেষ এলাকা’ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।