
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার চারটি পৃথক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ওয়ারী, কলাবাগান, কাফরুল ও ধানমন্ডি থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে রাজধানীর ওয়ারী এলাকায়। আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শুনে বিষয়টি পুলিশ জানতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণ, আটক একজন
একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ আহত হননি। এ ঘটনায় আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিরপুর-১০ এলাকায় বিস্ফোরণ, পালিয়ে যায় সন্দেহভাজন
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত ১০টা ২৩ মিনিটের দিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাকে ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাপা প্লাজার সামনেও ককটেল বিস্ফোরণ
এদিকে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় রাপা প্লাজার সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা রাপা প্লাজার সামনে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
চার ঘটনায় পুলিশের তদন্ত
একই দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ তদন্ত শুরু করেছে। বিশেষ করে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।




