
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহণের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) ভোর ও সন্ধ্যায় পৃথক সময়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকাগামী আজমেরী পরিবহণের বাস দুটি ব্যবসায়ী সজল মিয়ার মালিকানাধীন। দীর্ঘদিন ধরে বাস দুটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের এলাকায় রাখা ছিল।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা প্রথম বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে রাখা দ্বিতীয় বাসটিতেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা এ কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাস দুটি একই মালিকের এবং প্রায় দুই থেকে তিন মাস ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশ ছিল না বলেও জানান তিনি। তাঁর ধারণা, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন লাগিয়েছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




