
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে ‘অভিজাত পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আগুনে বাসটি পুড়ে যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
ঘটনার পর মিরপুর ১ নম্বর মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে আগুনে বাসটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।




