জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

এবিএনএঃ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে আবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন। এবার শুধু নিজের স্বাক্ষরিত চিঠি দিয়েই ঘোষণা দেননি, গতকাল শনিবার গভীর রাতে বারিধারায় নিজের বাসায় সাংবাদিকদের ডেকে তাদের সামনেই এই ঘোষণা সম্বলিত চিঠি পাঠ করে শোনান এরশাদ।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এরশাদ পায়জামা পাঞ্জাবি পরে হুইল চেয়ারে সাংবাদিকদের সামনে আসেন। চিঠিটি পড়তে তার কষ্ট হচ্ছিল। কয়েক দফা চেষ্টা করে অত্যন্ত মৃদু কণ্ঠে তিনি চিঠি পাঠ শেষ করেন। এতে তাকে সাহায্য করেন জিএম কাদের। চিঠি পড়তে কষ্ট হলেও এরশাদ ছিলেন হাসিখুশি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার সময় তিনি জিএম কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘মিষ্টি কই’।

চিঠিতে এরশাদ উল্লেখ করেন, তার শারীরিক অসুস্থতার কারণে দলের নিয়মিত কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। চিঠি পড়া শেষে এরশাদ শয়ন কক্ষে চলে যান, কোনো প্রশ্ন নেননি।

উল্লেখ্য, এর আগে কাদেরকে দলের কো-চেয়ারম্যান করে বাদ দেন। ১১ দিনের মাথায় আবার তাকে কো-চেয়ারম্যান করেন। এর আগে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও করেছিলেন, সম্প্রতি সে পদ থেকে বাদ দেন। গতকাল ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদও ফিরিয়ে দিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, গতকাল রাতে তিনি এরশাদের বাসায় এসে চলে গিয়েছিলেন। পরে আবার এরশাদ তাকে ডেকে পাঠান। এরশাদ সাহেব মনে করছেন তিনি হয়তো বেশিদিন বাঁচবেন না। এই কারণে সম্ভবত এত রাতে মিডিয়া ডেকে এই ঘোষণা দিলেন।

কাদের বলেন, এরশাদ দলের চেয়ারম্যান, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি শুধু রুটিন ওয়ার্ক করবেন। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, যতদিন বেঁচে আছেন ততদিন এরশাদই বিরোধী দলের নেতা থাকবেন, পরেরটা পরে দেখা যাবে। জাপার যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *