সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা বাতিল

এবিএনএ: সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা থাকবে না। কোটা সংস্কার-সংক্রান্ত সচিব কমিটি গত ১৭ সেপ্টেম্বর তাদের প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংস্কারের সেই প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের জন্য পাঠায়। বর্তমানে সরকারি চাকরিতে ৫৫ শতাংশ কোটা রয়েছে। বাকি ৪৫ শতাংশ নেওয়া হয় মেধা যাচাইয়ের মাধ্যমে। কোটা ৫৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে আন্দোলন গড়ে তোলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এই আন্দোলনের ধারাবাহিকতায় ২ জুলাই সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের জন্য ৭ সদস্যের সচিব কমিটি গঠন করা হয়। এ কমিটির দেওয়া সুপারিশের ওপর ভিত্তি করে মন্ত্রিসভা আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *