হিলারির ইমেইল ফের তদন্ত করবে এফবিআই

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি বলছে, তারা সেই সময়ের আরো কিছু ইমেইলের সন্ধান পেয়েছে।

এফবিআই পরিচালক জেমস কোমি কংগ্রেসকে এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন।

তবে ক্লিনটনের বিশ্বাস, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না। তাই দ্রুত তদন্ত করে ফলাফল যুক্তরাষ্ট্রের জনগণের সামনে তুলে ধরার আহবান জানিয়েছেন তিনি।

২০১৫ সালে প্রথম এই অভিযোগটি উঠলেও, তখন তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এই বিষয়টিকে হিলারির বিরুদ্ধে একটি অভিযোগ বা অস্ত্র হিসাবে ব্যবহার করছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা। এটি প্রেসিডেন্ট পদের জন্য একটি ‘দায়িত্বহীন আচরণ’ বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র এক সপ্তাহ। তার আগে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ বোস্টনের অধ্যাপক নাজলি কিবরিয়া বলছেন, এতো স্বল্প সময়ের মধ্যে এই তদন্ত শেষ করে ফলাফল জানা হয়তো সম্ভব হবে না। তবে এখনো ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেননি, এমন কিছু ভোট হয়তো হিলারি ক্লিনটনের হাতছাড়া হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *