ঢাবি ছাত্রী ধর্ষণ : ঘটনাস্থলের ২টি সিসিটিভি ফুটেজ উদ্ধার

এবিএনএ : রাজধানী কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় সড়কের পাশের দুটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের দুটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে। দুটি ফুটেজই ওই সড়কের পাশে লাগানো ক্যামেরার। ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে।’ ডিসি বলেন, ‌‘এ ঘটনায় দায়ের করা মামলাটি ডিবি উত্তরে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুতই প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাবে।’

এদিকে নিপীড়নের শিকার ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিফ্রিংয়ে তিনি জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে দু’একদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে শেওড়ার বিপরীত পাশে কুর্মিটোলায় বাস থেকে নামেন তিনি। সেখানে অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে তাকে পাশের একটি স্থানে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছান ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা। এ ঘটনায় গতকাল সোমবার ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *