ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, আইএসপিআরের ঘোষণা

Written by

in

এবিএনএ:  রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জনশৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তার স্বার্থে নতুন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ১৮ মে রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।

শনিবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কচুক্ষেত সড়ক, বিজয় সরণী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ জাহাংগীর গেট, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বরসহ সংলগ্ন এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, শোভাযাত্রা, প্রতিবাদ কর্মসূচি বা গণজমায়েত করা যাবে না।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সাময়িক হলেও তা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। জননিরাপত্তা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজধানীতে চলমান নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।