অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

এবিএনএ : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন।  রোববার রাত ৭টা ২৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। ১৯৭৫ সালে হাই কোর্টে আইন পেশায় যুক্ত হন তিনি। ১৯৮০ সালে আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৯৯ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং ২০০৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *