অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে বাংলাদেশ : স্পিকার

এবিএনএ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। এখন প্রতিটি গণমাধ্যমের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান।

সংবাদ পরিবেশনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে বৈশাখী টেলিভিশনের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। স্পিকার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। তাই গণমাধ্যমের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থেই দেশে গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে মিডিয়াকর্মীদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠানমালা নির্মাণের পাশাপাশি গঠনমূলক সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ যা জনমত গঠনের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে ভূমিকা রাখে। তিনি বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগনের মুখপাত্রে পরিণত হবে বৈশাখী টেলিভিশন।

এছাড়াও তিনি অনুষ্ঠান নির্মাণে গণমানুষের চিন্তা-চেতনা ও আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, কন্ঠ শিল্পী খুরশিদ আলমসহ বৈশাখী টেলিভিশনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *