নতুন গান ঘিরে তুমুল বিতর্ক: প্রাণনাশের হুমকি পেলেন র্যাপার বাদশা
‘টাটিরি’ গানকে কেন্দ্র করে ক্ষোভ; হরিয়ানার সংস্কৃতিকে অপমানের অভিযোগ তুলে হত্যার হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং


এবিএনএ: ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা নতুন করে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘টাটিরি’কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং সামাজিক মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিনোদন অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
গ্যাংটির পক্ষ থেকে ছড়িয়ে পড়া বার্তায় দাবি করা হয়েছে, ‘টাটিরি’ গানে হরিয়ানার সংস্কৃতি ও নারীদের প্রতি অবমাননাকর উপস্থাপন করা হয়েছে। এ কারণে র্যাপার বাদশাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
সূত্র জানায়, অশালীন গানের অভিযোগে এর আগেও বাদশাকে সতর্ক করা হয়েছিল। ২০২৪ সালেও তার একটি গানের ভাষা ও উপস্থাপনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এবার অভিযোগ উঠেছে, নতুন গানটিতে স্কুলপড়ুয়া মেয়েদের অশোভনভাবে উপস্থাপন করা হয়েছে। এই অভিযোগের জের ধরে গ্যাংটির পক্ষ থেকে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
এদিকে গানটি নিয়ে আইনি ঝামেলাতেও পড়েছেন এই গায়ক। হরিয়ানা নারী কমিশন গত ১৪ মার্চ তার গ্রেফতার দাবি করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মামলার প্রথম শুনানির তারিখ আগামী ১৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ফলে আইনি ও নিরাপত্তা—দুই দিক থেকেই চাপের মুখে পড়েছেন এই র্যাপার।
উল্লেখ্য, বলিউডের তারকাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাং আগেও আলোচনায় এসেছে। এর আগে এই গোষ্ঠী বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং, পরিচালক রোহিত শেঠি এবং কৌতুক অভিনেতা কপিল শর্মাকেও হত্যার হুমকি দিয়েছিল।
এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন জনপ্রিয় র্যাপার বাদশা।




