এবিএনএ: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এখানেই থেমে যেতে রাজি নয় টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের শেষ ম্যাচে লক্ষ্য একটাই—ডাচদের হোয়াইটওয়াশ করা। টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ দল।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে বড় ধরনের রদবদল। বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান, অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও লেগ-স্পিনার রিশাদ হোসেন।
সিরিজে লাল-সবুজের পারফরম্যান্স ছিল দাপুটে। প্রথম ম্যাচে ৮ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল। এখন নজর শেষ ম্যাচে হোয়াইটওয়াশ নিশ্চিত করা এবং আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

