Tag: সিআইডি তদন্ত

  • মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু ১৬ জনের, শনাক্তে চলছে সংগ্রাম

    মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু ১৬ জনের, শনাক্তে চলছে সংগ্রাম

    এবিএনএ:  রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ঘটে গেল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলে এলাকার একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে, যেখানে গার্মেন্টসের উৎপাদন কার্যক্রম চলছিল।

    ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিশ্চিত করেছেন, ঘটনাস্থল থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনে পুড়ে অনেকের দেহ বিকৃত হওয়ায় পরিচয় শনাক্তে সময় লাগছে বলে জানিয়েছেন তিনি।

    অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নির্ধারণে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল। তারা আগুনের উৎস ও রাসায়নিক উপাদানের নমুনা সংগ্রহ করছে।

    স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

    বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

    এবিএনএ:  গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

    অভিযোগে বলা হয়, সম্প্রতি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রকৃত তথ্য যাচাই না করেই সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালান, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। তানভীর সিরাজের দাবি, তদন্তে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। জিএমপি কমিশনারও এই তথ্য নিশ্চিত করেছেন।

    তানভীর সিরাজ জানান, সাংবাদিক তুহিনকে একটি অপরাধী চক্র ভিডিও ধারণ করার জেরে হত্যা করে। অথচ এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সারজিস আলমের বক্তব্য দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে। দলের সিদ্ধান্ত অনুযায়ীই তিনি মামলা দায়ের করেছেন এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

    গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।