Tag: সান্তোস

  • লজ্জার হার! ৬ গোল খেয়ে মাঠেই কাঁদলেন নেইমার, চাকরি হারালেন সান্তোস কোচ

    লজ্জার হার! ৬ গোল খেয়ে মাঠেই কাঁদলেন নেইমার, চাকরি হারালেন সান্তোস কোচ

    এবিএনএ:  ব্রাজিলিয়ান সিরি আ’তে দুঃস্বপ্নের এক রাত কাটাল নেইমারের সান্তোস। ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের ভরাডুবিতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি দলটি। জুনে পুরনো ক্লাবে ফেরার পর নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের সাক্ষী হলো সান্তোস।

    ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের লজ্জার হারটি মাঠের বাইরে বসে দেখেছিলেন নেইমার। কিন্তু এবার নিজের চোখের সামনে দলের ভাঙন দেখতে হলো। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সতীর্থ ও স্টাফরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও থামানো যায়নি তার অশ্রু।

    ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্স ছিল দুঃখজনক। সমর্থকদের রাগ ও প্রতিবাদের অধিকার আছে। তবে আমি কখনও জীবনে এমন অসহায় মুহূর্ত দেখিনি। চোখের জল এসেছিল রাগ ও কষ্ট থেকে, কারণ আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সবই ব্যর্থ হয়েছে।”

    এই করুণ পরাজয়ের দায়ে সান্তোস কোচ ক্লেবের জাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, “আমরা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।”

    লা বোজোয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৮ মিনিটে লুকাস পিটনের গোলে এগিয়ে যায় ভাস্কো। দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বন্যা। একে একে পাঁচ গোল করে সান্তোসের রক্ষণ ভেঙে দেয় অতিথিরা। সাবেক বার্সেলোনা ও লিভারপুল তারকা ফিলিপে কৌতিনহো করেন দুটি গোল। বাকি গোলগুলো করেন কোরেয়া দে ফনেস্কা, রায়ান ও দানিলো নেভেস।

    এই জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে আসে ভাস্কো দা গামা। অন্যদিকে টানা ব্যর্থতায় পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে নেমে চাপে পড়লো সান্তোস।

  • নতুন চুল, পুরনো ছন্দ! নেইমারের জোড়া গোলে সান্তোসের দারুণ জয়

    নতুন চুল, পুরনো ছন্দ! নেইমারের জোড়া গোলে সান্তোসের দারুণ জয়

    এবিএনএ:  চুলের স্টাইল বদলানো মানেই যেন নেইমারের নতুন চমক! মাঠে ফিরেই সেটা আরও একবার প্রমাণ করলেন ব্রাজিলিয়ান তারকা। নতুন হেয়ারস্টাইলে নজর কাড়ার পাশাপাশি সান্তোসের জার্সিতে জোড়া গোল করে নিজেকে ফিরিয়ে আনলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

    চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবার ঘরের মাঠে ফেরার স্বাদ পেলেন তিনি। সান্তোসে ফিরে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্টুদকে ৩-১ গোলে হারাতে বড় অবদান রাখেন নেইমার।

    ম্যাচের ৩৬তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে করেন প্রথম গোল। এরপর মাত্র তিন মিনিট পরই সান্তোসের হয়ে আলভারো ব্যারেল স্কোরলাইন ২-০ করে তোলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে জুভেন্টুদ একটি গোল শোধ দিলেও ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া পেনাল্টি থেকে দ্বিতীয়বার জালের দেখা পান নেইমার।

    ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এটাই তার প্রথম জোড়া গোল। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে বলিভিয়ার বিপক্ষে করেছিলেন এমন কৃতিত্ব। আর ২০২২ সালের পর এবারই প্রথম টানা পাঁচ ম্যাচ খেললেন নেইমার, যা তার জন্য বড় অর্জন।

    জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার জানান, তিনি আবারও ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য তৈরি। সামনে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, যেটি হতে পারে তার প্রত্যাবর্তনের উপলক্ষ।

    “আমি আবারও তৈরি। আমার খেলা সবাই জানে। এখনো নিজেকে ফিট ও শক্তিশালী মনে করছি। সিদ্ধান্তটা এখন কোচদের হাতে,”—বলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

    আগামী ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সেপ্টেম্বরে শেষবারের মতো মাঠে নামবে বাছাইপর্বে। এই সময়ের মাঝেই নিজেকে আবারও প্রমাণ করতে মরিয়া নেইমার। মাঠে তাঁর এমন পারফরম্যান্স সমর্থকদের মনে ফিরিয়ে এনেছে সেই পুরনো, আগ্রাসী নেইমারকে—যিনি একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন।