Tag: সড়ক অবরোধ

  • বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ, থমকে ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল

    বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ, থমকে ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল

    এবিএনএ: ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে নেমে আন্দোলন করছেন একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের শ্রমিকরা। তাদের এই কর্মসূচির ফলে গুরুত্বপূর্ণ ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

    মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়ে এবং সৃষ্টি হয় ভোগান্তি।

    আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন।

    এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

  • হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে অবরোধ

    হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে অবরোধ

    এবিএনএ,চট্টগ্রাম: শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা।

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর সংগঠনটির কয়েকশ নেতা-কর্মী সেতুর মুখে অবস্থান নেন। পরে ধীরে ধীরে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। শুরুর দিকে সেতুর মুখে সড়কের এক পাশে অবস্থান নিলেও পরে উভয় পাশে অবস্থান নেন তারা। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান,ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

  • বিদেশি অপারেটর চুক্তি বাতিলের দাবিতে উত্তাল চট্টগ্রাম বন্দর, শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

    বিদেশি অপারেটর চুক্তি বাতিলের দাবিতে উত্তাল চট্টগ্রাম বন্দর, শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

    এবিএনএ:  দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে বিদেশি অপারেটরের চুক্তি বাতিল এবং নিউমুরিং টার্মিনালের ইজারা প্রক্রিয়া স্থগিতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার সকালে টোল প্লাজা গেট ও বড়পোল এলাকায় বন্দরমুখী প্রধান সড়কে এ অবরোধ অনুষ্ঠিত হয়।

    স্কপ নেতারা জানান, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্দরকে বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যা দেশের অর্থনীতি ও শ্রমিকদের ভবিষ্যতের জন্য হুমকি। তারা দাবি করেন, এই চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর পুরনো রেল স্টেশন চত্বরে বৃহত্তর সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

    সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত টোল প্লাজা এলাকায় স্কপ নেতারা অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন, এতে বন্দরমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেন। একই সময়ে বড়পোল এলাকায়ও সীমিত সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

    বড়পোল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাম গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়। সেখানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয় এবং গণমুক্তি ইউনিয়নের রাজা মিয়া।

    সমাবেশে বক্তারা বলেন, দেশের বন্দর রক্ষার এই আন্দোলন শুধু শ্রমিকদের নয়, এটি জাতীয় স্বার্থের আন্দোলন। তারা সকলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

  • সংসদীয় আসন বহালের দাবিতে উত্তাল বাগেরহাট, হরতাল-অবরোধে অচল সড়ক যোগাযোগ

    সংসদীয় আসন বহালের দাবিতে উত্তাল বাগেরহাট, হরতাল-অবরোধে অচল সড়ক যোগাযোগ

    এবিএনএ:  বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি। ভোর থেকেই জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে পরিবহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

    সকাল আটটায় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল বের করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে সাড়ে আটটায় সমাবেশ করে আন্দোলনকারীরা। সেখানে তারা ইসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন পর্যন্ত চার আসন ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

    খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাট-খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়, দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ চলছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

    উল্লেখ্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাটে বর্তমানে তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে—

    • বাগেরহাট-১: সদর-চিতলমারী-মোল্লাহাট

    • বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা

    • বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা

    কিন্তু এর আগে দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসনে ভোট অনুষ্ঠিত হয়ে আসছিল। পূর্বের সীমানা ছিল—

    • বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট

    • বাগেরহাট-২: সদর-কচুয়া

    • বাগেরহাট-৩: রামপাল-মোংলা

    • বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা

    এই সীমানা পুনর্বহালের দাবিতেই জেলা জুড়ে হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে।

  • গাজীপুরে দুই মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে আহত কয়েকজন

    গাজীপুরে দুই মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে আহত কয়েকজন

    এবিএনএ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকায় অবরোধ শুরু হয়।

    আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের ওই কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তারা অভিযোগ করেন—জুলাই মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি, অথচ সেপ্টেম্বর মাস চলছে। আগস্টের বেতনও ঝুলে আছে।

    একজন নারী শ্রমিক বলেন, “আমরা ঘরভাড়া দিতে পারছি না, দোকানে বাকি বাড়ছে। অথচ মালিকপক্ষ কোনো কথা শুনছে না। এখন আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।”

    শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন অনেকে। এতে অন্তত ৩-৪ জন আহত হন। আহতদের মধ্যে সোবহান নামে একজন শ্রমিক জানান, “আমাদের পাওনা টাকার জন্য রাস্তায় দাঁড়িয়েছি, কিন্তু আমাদের পেটানো হলো।”

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ৯টার দিকে শিল্প পুলিশের সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম।

    এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

  • বাগেরহাটে আসন সংকোচনের বিরুদ্ধে উত্তাল জনতা, মহাসড়ক অবরোধে অচল খুলনা-বরিশাল সড়ক

    বাগেরহাটে আসন সংকোচনের বিরুদ্ধে উত্তাল জনতা, মহাসড়ক অবরোধে অচল খুলনা-বরিশাল সড়ক

    এবিএনএ:  বাগেরহাটে একটি সংসদীয় আসন কমিয়ে সংখ্যা তিনে নামিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজপথে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক সংগঠন টানা চারদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। সেই আন্দোলনে অংশ নিয়েছে সাধারণ মানুষও।

    রবিবার (৩ আগস্ট) সকাল থেকে জেলার দশানী মোড়, ডিসি অফিস এলাকা, রামপালের ফয়লা এবং মোরেলগঞ্জের বিভিন্ন মহাসড়কে ব্যস্ত সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। এতে খুলনা-বরিশাল এবং মোংলা-খুলনা মহাসড়কে দুই ঘণ্টার বেশি সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

    আসন পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনেই এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ড. শেখ ফরিদুল ইসলাম বাবলু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ আরও অনেকে।

    বক্তারা বলেন, বাগেরহাটের মতো ঐতিহাসিক ও জনবহুল জেলায় আসন কমানোর সিদ্ধান্ত জনবিরোধী। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নইলে আগামী ৫ আগস্ট থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।