এবিএনএ: আগামী মঙ্গলবার থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার ১০০ টাকার নোট। প্রাথমিকভাবে মতিঝিল কার্যালয় থেকে ছাড়ার পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য শাখা থেকেও এটি পাওয়া যাবে। রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
বর্তমানে প্রচলিত নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে তা থাকছে না। তবে পুরনো সব নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চলবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য বিনিময়যোগ্য নয়—এমন ১০০ টাকার নমুনা নোটও ছাপা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোটের আকার ১৪০ মিমি × ৬২ মিমি এবং এটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত। নোটে জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। রঙের আধিক্য নীল এবং সামনের বাঁ পাশে মুদ্রিত হয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। মাঝের ব্যাকগ্রাউন্ডে রয়েছে শাপলার ছবি, আর পেছনে থাকছে সুন্দরবনের দৃশ্য।
নতুন নোটে যুক্ত হয়েছে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৪ মিমি প্রশস্ত লাল-রুপালি রঙের নিরাপত্তা সুতা, যেখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও ‘১০০ টাকা’ খোদাই রয়েছে। নোট নড়াচড়া করলে সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে তিনটি উঁচু বৃত্ত, যা স্পর্শে অনুভূত হবে।
এর আগে চলতি বছরের ১ জুন বাজারে আসে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। তবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত নতুন নোট বাজারে ছাড়ায় সাময়িক বিরতি দেয় বাংলাদেশ ব্যাংক, যা পরবর্তীতে এই নতুন নকশার মাধ্যমে পুনরায় চালু হচ্ছে।
